চিকিৎসকদের মমতা দিয়ে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রোগীদের প্রতি মমতা দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন চিকিৎসকদের। তিনি বেলছেন, চিকিৎসকদের শুধু যন্ত্রপাতি কিংবা ভবন দিলেই হবে না, তাঁদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। চিকিৎসকদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন না করলে স্বাস্থ্যক্ষেত্রে অগ্রগতি ধরে রাখা যাবে না।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। নগরের কেসি দে রোডের চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য খাতে জনবল–সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনবল সমস্যা সমাধানের বিষয়টি নির্ভর করছে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের ওপর। আমি এ ব্যাপারে ২৬ মে অর্থমন্ত্রীর সঙ্গে বসব। আর অ্যাম্বুলেন্সসহ অন্য যেসব সংকট রয়েছে, তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।’ 

মতবিনিময় সভা শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ছয় শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সিভিল সার্জন, কলেজ ও হাসপাতালের প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ এলাকার সমস্যা এবং সম্ভাবনার কথা শোনেন। একাধিক সিভিল সার্জন নিজ নিজ এলাকায় চিকিৎসক, সেবিকা, অ্যাম্বুলেন্স ও যন্ত্রপাতি–সংকটের কথা তুলে ধরেন।

চট্টগ্রামের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আলাউদ্দিন মজুমদার। চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান প্রমুখ।