অবিলম্বে চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) একটি প্রতিনিধিদল গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করেছে। ওই ঘটনার প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যায় সব বিশেষজ্ঞ চিকিৎসক তাঁদের চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। চিকিৎসকদের সংগঠন বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সমিতির সভাপতি মাহমুদ হাসান ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল আজিজের নেতৃত্বে সাতজনের ওই প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল্লাহর সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করে। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, ৯ মে নিজ চেম্বারে দায়িত্ব পালনের সময় সিরিয়াল ভেঙে ইডেন কলেজের একজন ছাত্রী ঢোকার চেষ্টা করেন। চিকিৎসক এর নিন্দা জানালে ওই ছাত্রী বাইরে গিয়ে তাঁর বন্ধুদের বিষয়টি জানান। একপর্যায়ে একদল সন্ত্রাসী চেম্বার থেকে চিকিৎসককে অপহরণ করে নিয়ে মারধর করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে। অন্যদিকে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ওই ছাত্রী মামলা করেছেন।এদিকে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন গতকাল শাহবাগ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ সোমবার রাজধানীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থন জানিয়েছে।