জাতীয় অধ্যাপক ডা. এম আর খান চিকিৎসকদের মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার তাঁর ৮৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক খান বলেন, কর্মই জীবন—এ মন্ত্রে দীক্ষিত হয়ে জীবনের এতটা পথ তিনি পাড়ি দিয়েছেন। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ও অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এ দেশের সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের সুচিকিৎসা, রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধে এম আর খানের অনন্য অবদানের কথা উল্লেখ করেন। ঢাকাসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসাসেবায় তাঁর বিরল দৃষ্টান্তের কথা উল্লেখ করেন তাঁরা।
গতকাল এ উপলক্ষে মিরপুরের শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে এম আর খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
গতকাল ১ আগস্ট তিনি ৮৭ বছরে পদার্পণ করেন। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতাল, মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরা, নিবেদিতা মেডিকেল সেন্টার, আইসিডিডিআরবিসহ ২৪টি স্বাস্থ্যসেবা সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। বিজ্ঞপ্তি।