চিকিৎসকদের রাজনীতি থেকে দূরে রাখতে হবে: মোদাচ্ছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী বলেছেন, চিকিৎসকদের দলীয় রাজনীতির বাইরে রাখতে পারলে ভালো হতো। ধীরে ধীরে চিকিৎসকদের দলীয় রাজনীতির বাইরে আনার চেষ্টা করতে হবে।বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানের আগে সম্মেলনের প্রথম বৈজ্ঞানিক অধিবেশনে ভারতের বিশিষ্ট গ্লোকোমা চিকিৎসক সিরিশা সেনথিল বলেন, চোখে অস্ত্রোপচারের আগে নিশ্চিত হতে হবে, যেটুকু দৃষ্টিশক্তি আছে তা যেন ধরে রাখা যায়। অস্ত্রোপচারের পর রোগীদের নানা অভিযোগ শোনা এবং রোগীদের ফলোআপ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির সভাপতি সৈয়দ মারুফ আলী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে বলেন, গ্লোকোমা দৃষ্টিপ্রতিবন্ধিতার দ্বিতীয় বৃহত্তম কারণ। গ্লোকোমার কারণে দৃষ্টিপ্রতিবন্ধিতা নিরাময়যোগ্য নয়।সোসাইটির সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম বলেন, ‘গ্লোকোমা চোখের একটি মারাত্মক রোগ এবং নীরব অন্ধত্বের প্রধান কারণ।’সম্মেলনে তিন শতাধিক চিকিৎসক অংশ নেন। চারটি বৈজ্ঞানিক অধিবেশনে দেশ-বিদেশের ১৭ জন চক্ষু ও গ্লোকোমা রোগবিশেষজ্ঞ বক্তব্য উপস্থাপন করেন।