চিকিৎসকদের সম্মেলনেই অবহেলার কথা তুলে ধরলেন আ.লীগ নেতা
রাজশাহীতে চিকিৎসকদের বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে গতকাল রোববার চিকিৎসকদের সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি মওদুদ হোসেন আলমগীর। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান খলিলুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
ডাবলু সরকার বলেন, ‘এক সপ্তাহ আগের কথা। আপনারা আমার শাশুড়ির তাজা মুখটা দেখতে দেননি। অস্ত্রোপচার করার কথা ছিল বেলা ১১টায়। তড়িঘড়ি করে আপনারা সাড়ে নয়টায় তাঁর অস্ত্রোপচার শুরু করেন। তাঁর রক্তের প্রয়োজন ছিল। আপনারা এক ব্যাগ রক্তের প্রস্তুতিও না রেখে অস্ত্রোপচার শুরু করেন। হঠাৎ বললেন, তিন ব্যাগ রক্ত লাগবে। দৌড়াদৌড়ি করে সেই রক্তের ব্যবস্থা করা হলো। ততক্ষণে দেরি হয়ে গেছে। তাঁর হয়তো এভাবেই মৃত্যু ছিল, কিন্তু আপনাদের এই অব্যবস্থাপনা না থাকলে আজ এই অনুষ্ঠানে আমি সেই দুঃখের কথা তুলতাম না।’
ডাবলু সরকার বলেন, হাসপাতালের অনেক চিকিৎসক বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ১২০ জন রোগী দেখেন। তিনি সেই সব চিকিৎসকের চিকিৎসার মান নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন।
এ ব্যাপারে বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তবিবুর রহমান শেখ বলেন, চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসকদের আরও সতর্ক হওয়া উচিত।