চিকিৎসকদের স্বেচ্ছায় ঢাকার বাইরে যাওয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের স্বেচ্ছায় রাজধানীর বাইরে বদলি হওয়ার আবেদন করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। গতকাল রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১ থেকে ৭ আগস্ট মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।
মো. নাসিম বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ৩৫০ জন চিকিৎসকের পদোন্নতি দেওয়া হবে। তাঁদের বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে বদলি করা হবে। পদোন্নতির পর ঢাকায় থাকার জন্য তদবির না করে গ্রামের মানুষের সেবা নিশ্চিত করতে মানসিকভাবে তাঁরা যেন প্রস্তুত থাকেন।’ এ সময় তিনি যেসব চিকিৎসক অনেক দিন ধরে ঢাকায় আছেন, তাঁদের ঢাকার বাইরে স্বেচ্ছায় চলে যাওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আলোচকেরা দুধের মোড়ক দেখে চমৎকৃত না হওয়ার অনুরোধ করেছেন অভিভাবকদের।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পুষ্টির ফোকাল পয়েন্ট রোকসানা কাদের বলেন, শিশুরা যেন ছয় মাস শুধু মায়ের দুধ খেতে পারে, সে জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে। কিন্তু সব প্রতিষ্ঠান এ নিয়ম মানছে না।
বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায় অনুষ্ঠানে একটি উপস্থাপনা দেখান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।