চিকিৎসকদের ‘যেমন খুশি’ চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, আপনারা লেখেন। তাহলে হয়তো কিছু হবে। এখানে চিকিৎসক আছেন অনেক, কিন্তু অধিকাংশেই কাজ করেন না। যখন যাঁর খুশি হাসপাতালে আসেন, আবার চলে যান। আমি একা জরুরি বিভাগ, বহির্বিভাগ ও কার্যালয় সামাল দিচ্ছি। এর মধ্যেই ময়নাতদন্ত, ডাক্তারি পরীক্ষা করাতে হয়। এভাবে দায়িত্ব পালন করে হাঁপিয়ে উঠেছি।’এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ মোস্তফা খোকন।সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালে অবস্থান করে দেখা গেছে, জরুরি বিভাগে দায়িত্বে নিয়োজিত চিকিৎসা কর্মকর্তা সুমন পোদ্দার নেই। বহির্বিভাগে শত শত রোগীর ভিড়-হইচই। অনেক চিকিৎসা কর্মকর্তার কক্ষে তালা ঝোলানো। আরএমওর কক্ষের সামনে শত শত রোগী অপেক্ষা করছেন, কখন ভেতর থেকে ডাক আসবে। দ্বিতীয় তলায় শিশুবিশেষজ্ঞ জালাল আহম্মেদ রোগী দেখছেন। কার্ডিওলজির বিশেষজ্ঞ সুলতান আহম্মেদ পুরুষ ওয়ার্ডে, গাইনি বিশেষজ্ঞ তাজিন আফরিন ও সহকারী সার্জন বনশ্রী মোদক শিশু ও মহিলা ওয়ার্ডে চিকিৎসাসেবা দিচ্ছেন।চিকিৎসা কর্মকর্তা একরাম এলাহী, আবদুস সোবহান, সাখাওয়াত হোসেন, সহকারী সার্জন সুমন কুমার পোদ্দার, ইকবাল হোসেন, সামিউল ইসলাম, নাসরিন আক্তার রুবি, সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু) শফিকুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি হুমায়ুন কবির, জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেশিয়া রফিকুল ইসলাম মামুন, জুনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিকস মাহে আলম ও প্যাথলজিস্ট মনিরুল ইসলামের কক্ষ তালাবদ্ধ। তাঁরা হাসপাতালে নেই; তবে তাঁদের কেউ ছুটিতেও নেই। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির এই চিত্র প্রায় নিত্যদিনের।হাসপাতাল সূত্র জানায়, ২০০৫ সালে এটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও হাসপাতালের কার্যক্রম চলছে ৫০ শয্যার জনবলেই। এর মধ্যে চিকিৎসকের ১৯টি পদের নয়টি শূন্য। সেবিকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮২টি পদের ১৯টি শূন্য। চিকিৎসক-সংকট থাকায় ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র থেকে পাঁচজন সহকারী সার্জনকে প্রেষণে হাসপাতালে নিযুক্ত করা হয়েছে। এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন।সূত্র আরও জানায়, চক্ষুবিশেষজ্ঞ শফিকুর রহমান প্রতি বুধবার ও রোববার হাসপাতালে আসেন। বাকি দিনগুলো তিনি ঢাকায় থাকেন। কার্ডিওলজির বিশেষজ্ঞ হুমায়ুন কবির মাস ছয়েক আগে ছুটির আবেদন করে হাসপাতাল ছেড়ে গেছেন।সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মুনীর আহম্মেদ খান প্রথম আলোকে বলেন, ‘শফিকুর রহমান ও হুমায়ুন কবিরের হাসপাতালে অনুপস্থিতির বিষয়টি জানিয়ে আমাদের পরিচালকের কার্যালয়ে কয়েকটি চিঠি দেওয়া হয়েছে। তাঁরা কোনো ব্যবস্থা না নেওয়ায় আমার কিছু করার নেই।’ শফিকুর রহমান বলেন, ‘আমি শরীয়তপুর থেকে চলে যেতে চাই। এ হাসপাতালে দুই দিন দায়িত্ব পালন করব—এমন শর্তে আমাকে এখানে বদলি করা হয়েছে।’বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রুবিনা আক্তার, সালেহা বেগম, আশিকুর রহমান ও হুমায়ুন কবির জানান, হাসপাতালে তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। একজন মাত্র চিকিৎসক রোগী দেখছেন। শত শত রোগীর ভিড়। আজ চিকিৎসক দেখাতে পারবেন কি না, জানেন না। আরও দুই দিন এসেও চিকিৎসক দেখাতে পারেননি।জরুরি বিভাগের রোগী সাফিয়া খাতুন (৬০) বলেন, ‘আমার বুকে প্রচণ্ড ব্যথা। দুই ঘণ্টা ধরে এখানে বসে আছি। কোনো ডাক্তার না থাকায় চিকিৎসা করাতে পারছি না।’প্যাথলজিস্ট মনিরুল ইসলাম বলেন, ‘আমি জরুরি বিভাগে গত রাতে দায়িত্ব পালন করেছি। এ কারণে সকালে হাসপাতাল থেকে চলে গেছি। আবার রাতে দায়িত্ব পড়েছে। চিকিৎসক-সংকট থাকায় আট মাস ধরে জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। রাতে হাসপাতালে আমি একা দায়িত্ব পালন করি। এভাবে একটি জেলা শহরের হাসপাতাল চলতে পারে না।’আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, ‘চিকিৎসা কর্মকর্তা সাখাওয়াত দুই মাসের প্রশিক্ষণে আছেন। বাকি চিকিৎসকেরা কেন হাসপাতালে দায়িত্ব পালনে আসেননি, তা জানি না। বিষয়টি নিয়ে আমি সিভিল সার্জনের সঙ্গে কথা বলব।’ ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, ‘চিকিৎসকেরা কর্তব্যে চরম অবহেলা করেছেন। আমি হাসপাতালে খোঁজ নিয়ে তাঁদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হলে ব্যবস্থা নেব।’