বহির্বিভাগ, অন্তর্বিভাগ—সর্বত্র আছেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক। তারপরও এর অন্তর্বিভাগে একজন চিকিৎসককে দেখতে হয় মাসে গড়ে মাত্র পাঁচজন রোগী। এ অবস্থা রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের।
মুগদা মেডিকেলের এ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ঠিক উল্টো। এ ছাড়া দেশের ১৩২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা প্রসূতিসেবা পাওয়ার কথা থাকলেও ৪৩টি কেন্দ্র চিকিৎসকের অভাবে চলছে না।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, গত মাসে (ডিসেম্বর) স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ১৪৪ জন রোগী ভর্তি ছিলেন। এঁদের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হয়েছে ৯৪ জনের। বাকি ৫০ জনের স্বাভাবিক প্রসব হয়েছে। বহির্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগী পরামর্শ ও সেবা পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০০ শয্যার মুগদা মেডিকেলে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে অনুমোদিত পদ ১০টি। এগুলো হলো একজন জ্যেষ্ঠ পরামর্শক, দুজন পরামর্শক ও সাতজন চিকিৎসা কর্মকর্তা। জ্যেষ্ঠ পরামর্শক একজনই আছেন, তবে বিভাগে সব মিলে চিকিৎসক ৩০ জন। এঁদের মধ্যে পরামর্শকের দুটি নিয়মিত পদের বাইরে পরামর্শক আছেন ২১ জন, চিকিৎসা কর্মকর্তা আটজন। এত লোকবল থাকার পরও এই হাসপাতালে ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেছে, উদ্বৃত্ত চিকিৎসকদের অনেকে এসেছেন ‘তদবির’ করে।
স্বাস্থ্যসচিব মনজুর-উল-ইসলাম বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই পরিস্থিতি সম্পর্কে তাঁরা জানেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক প্রথম আলোকে বলেন, উদ্বৃত্ত চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালে পদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুন নাহার ছুটিতে ছিলেন। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে পদের বেশি চিকিৎসক, কিন্তু রোগী কম কেন—এমন প্রশ্নের জবাব দেননি হাসপাতালের উপপরিচালক জিয়াউর রহমান।
তবে হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক রাজিয়া খাতুন বলেন, ‘মুগদা জনবহুল এলাকা। সে হিসেবে রোগীর যে সংখ্যা, সেটা সন্তোষজনক দাবি করব না। তবে রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। আরও বাড়বে।’
বৃহস্পতিবার স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের ওয়ার্ডে ২০ জন রোগী ভর্তি ছিলেন। গত সপ্তাহে প্রায় প্রতিদিনই দুপুর ১২টার পর থেকে বহির্বিভাগে রোগী দেখেননি চিকিৎসকেরা। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বললেন, বেতনবৈষম্য নিয়ে চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতি চলায় বহির্বিভাগে রোগীর সংখ্যা কমে গেছে।
মুগদা কেন আলাদা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন রওশন আরা সুলতানা প্রথম আলোকে বলেন, তাঁদের হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে গড়ে প্রতিদিন ৩০টি অস্ত্রোপচার হয়। গত মাসে স্বাভাবিক প্রসব হয়েছে ৫০০ নারীর। দিনে-রাতে কখনো অস্ত্রোপচার বন্ধ থাকে না। বহির্বিভাগে গড়ে প্রতিদিন সেবা নেন ২৫০ থেকে ৩০০ রোগী।
এই বিভাগে একটি পালায় প্রতিদিন লেবার রুমের বাইরে কমপক্ষে ৫০ জন রোগীকে অপেক্ষা করতে দেখা যায়।
প্রায় একই অবস্থা মিটফোর্ড হাসপাতালে। ওই হাসপাতালের আবাসিক সার্জন রুমি নাসরিন বলেন, ‘এই হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কোনো ওটি টেবিল কখনো এক ঘণ্টার জন্য বিশ্রাম পেয়েছে বলে শুনিনি। একজন রোগীর অস্ত্রোপচার শেষ হলে, পরিষ্কার করার জন্য যে টুকু সময় লাগে, শুধু সেটুকু সময়ই বিরতি পায় ওটি টেবিল।’ তিনি বলেন, রাতের পালায় যাঁরা কাজ করেন, তাঁদের কেউ অস্ত্রোপচারে ব্যস্ত থাকেন, কেউ স্বাভাবিক প্রসব করান, কেউ দূর থেকে আসা রোগীকে দেখেন, তাৎক্ষণিক ব্যবস্থাপনা দেন। এমন রোগীও দূর থেকে আসেন যাঁর গর্ভস্থ সন্তানের হয় তো হাত-পা বেরিয়ে আছে, তখনই অস্ত্রোপচার লাগবে।
ডিসেম্বরে মিটফোর্ড হাসপাতালে ৭৫০টি অস্ত্রোপচার হয়েছে, স্বাভাবিক প্রসব গড়ে ৪৫০ থেকে ৫০০টি।
তবে মুগদা হাসপাতালে প্রসূতিবিদ্যা বিভাগে সার্বক্ষণিক অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। অস্ত্রোপচারের জন্য চারটি ওটি থাকলেও রোগী রাতে এলে তাঁকে অস্ত্রোপচারের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ বিষয়ে রাজিয়া খাতুন প্রথম আলোকে বলেন, সাধারণত হাসপাতালে সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অস্ত্রোপচার হয়। জরুরি প্রয়োজনে সাড়ে আটটার আগেও কখনো কখনো অস্ত্রোপচার হয়েছে, আবার রাত আটটায়ও হয়েছে। তবে রাতে অস্ত্রোপচার হলে সকালে চারটি ওটি চালানো যায় না।