চিকিৎসকশূন্য চার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাট বছরের বৃদ্ধ সরমা চাকমা চোখ ও হাঁটুর ব্যথা নিয়ে প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে মৈদুং ইউনিয়নের দুরহাছড়া থেকে এসেছেন জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসে জানতে পারেন হাসপাতালে চিকিৎসক নেই। যেতে হবে রাঙামাটি। একইভাবে শালকাপাড়া থেকে পাঁচ বছর বয়সী মেয়ে শ্রাবন্তীকে নিয়ে এসেছেন সোনা চাকমা। কয়েক দিন ধরে শ্রাবন্তীর পেটে ব্যথা ও জ্বর।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী রুনা চাকমা শ্রাবন্তীর জন্য খাবার স্যালাইন দেওয়ার সময় জানান, এ রকম সাধারণ রোগীদের কোনো মতে চিকিৎসা করা যায়। কিন্তু জটিল রোগীদের চিকিৎসা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না। জটিল রোগী রাঙামাটি নিয়ে যাওয়ার সময় মারা যাওয়ার ঘটনাও ঘটেছে কয়েকবার। উপজেলায় প্রায় দেড় বছর ধরে কোনো চিকিৎসক নেই। একজন স্বাস্থ্য সহকারী ও দুজন সেবিকা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা জানান, জুরাছড়ি উপজেলায় ৩০-৩৫ হাজার মানুষের জন্য একজনও চিকিৎসক নেই—এটা খুবই দুঃখজনক। রোগীদের রাঙামাটি নেওয়ার সামর্থ্য না থাকায় অনেকে বাড়িতে ফিরে হাতুড়ে চিকিৎসক বা বৈদ্যের শরণাপন্ন হন বলেও জানান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিকিৎসকের জন্য বার বার অনুরোধ জানানো হলেও কোনো কাজ হচ্ছে না বলে প্রবর্তক চাকমা জানিয়েছেন। গত সোমবার রাঙামাটি শহর থেকে নৌপথে শতাধিক কিলোমিটার দূরের জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এসব কথা জানা যায়। সিভিল সার্জন মো. আবদুল্লাহ জেলায় চিকিৎসক সংকটের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার লোকজন প্রতিরোধক স্বাস্থ্যসেবা পেলেও প্রতিষেধক চিকিৎসা পাচ্ছে না। এ ছাড়া দুর্গম এলাকাগুলোর রোগীরা সেবা নিতে চাইলেও যোগাযোগ-দুর্গমতা ও চিকিৎসকের অভাব, আর শহরে আসার সামর্থ্য না থাকায় সেবা পান না বলে তিনি উল্লেখ করেন।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রাঙামাটি জেলায় চিকিৎসকের ১২৬ পদের বিপরীতে মাত্র ৪০ জন কর্মরত আছেন। জেলার ১০ উপজেলার মধ্যে জুরাছড়ি, বরকল, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়টি করে চিকিৎসকের পদের সবগুলোই শূন্য। এ ছাড়া লংগদু উপজেলার নয়টি পদের সাতটি, বিলাইছড়িতে ছয়টি, কাপ্তাইয়ে পাঁচটি, রাজস্থলী উপজেলায় আটটি, কাউখালীতে চারটি ও কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের দুটি চিকিৎসক পদের একটি শূন্য। রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসকের ৩০টি পদ থাকলেও শূন্য আছে ১৯টি। জেলা কারাগার ও পুলিশ হাসপাতালে একটি করে চিকিৎসকের পদ থাকলেও সেগুলো শূন্য রয়েছে।