চিকিৎসকশূন্য স্বাস্থ্য কমপ্লেক্স
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক দিন ধরে কোনো চিকিৎসক নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসা সহকারীরা। গতকাল বুধবার সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, চিকিৎসা কর্মকর্তাদের কক্ষগুলো তালাবদ্ধ। ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলামও নেই। রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসা সহকারী শ্যামল মিত্র চাকমা ও ইমন আহম্মেদ। চিকিৎসা নিতে আসা কাঁঠালতলী এলাকার সুপ্রিয়া বড়ুয়া, তারাবুনিয়ার নরেন্দ্র চাকমা, মেরুং এলাকার শরাফত আলী ও বড়াদম এলাকার পুষ্পদেবী চাকমা জানান, ছোট চিকিৎসকের (চিকিৎসা সহকারী) মাধ্যমে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। শ্যামল মিত্র চাকমা বলেন, ‘কয়েক দিন ধরে একটানা দায়িত্ব পালন করছি। বিশ্রাম নেওয়ার সময় নেই। স্যারেরা (চিকিৎসা কর্মকর্তা) না থাকায় উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী এনে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছি।’ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসা কর্মকর্তা সুবল জ্যোতি চাকমা ৭ জানুয়ারি থেকে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লায় দুই মাসের প্রশিক্ষণে রয়েছেন। আরেক চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ ৮ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণে গেছেন। ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি প্রশিক্ষণে থাকবেন। ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বাবুছড়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ইউএনডিপির সঙ্গে কাজের তদারকি ও এনআইডি কর্মসূচি পরিদর্শনে গেছেন। এ ছাড়া ২০১১ সালের ২ আগস্ট ও ১৫ সেপ্টেম্বর দুই চিকিৎসা কর্মকর্তা জ্যোর্তিময় বালা ও আবু হাসনাত মো. মহিউদ্দিন বদলি হয়েছেন। তাঁদের স্থলে এখনো কোনো চিকিৎসক পদায়ন করা হয়নি। সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, ‘শূন্যপদে চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে বারবার ফ্যাক্সবার্তা পাঠানো হচ্ছে। দীঘিনালাসহ পুরো খাগড়াছড়িতে ৮৫ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে।’