চিকিৎসকশূন্য হাসপাতাল
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন ধরে কোনো চিকিৎসক নেই।
গত জুলাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলি হয়ে চলে যাওয়ার পর একজন চিকিৎসক দিয়ে কোনো রকম চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছিল। ১৪ সেপ্টেম্বর তিনিও চলে গেছেন প্রশিক্ষণে। এ কারণে এখানে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন দুজন উপসহকারী মেডিকেল কর্মকর্তা হাসপাতাল চালাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮৪-৮৫ অর্থবছরে স্থাপিত ৩১ শয্যার এই হাসপাতালটি ২০১০-১১ অর্থবছরে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু ৩১ শয্যার জনবলকাঠামো পরিবর্তন করা হয়নি। এক বছর ধরে এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দুজন চিকিৎসা কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন। এদের মধ্যে চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এন কে খাবউল আলম গত জুলাইয়ে বদলি হয়ে যান। ওই মাস থকে একমাত্র চিকিৎসা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। তিনিও ১৪ সেপ্টেম্বর বুনিয়াদি প্রশিক্ষণে চলে গেছেন।
এখন দুই উপসহকারী মেডিকেল কর্মকর্তা কোনোমতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে তাঁরা জটিল রোগে আক্রান্তদের সেবা দিতে পারছেন না।
গতকাল রোববার চিকিৎসা নিতে আসা মোলানী গ্রামের বাসিন্দা আবদুল রহমান বলেন, ‘কয়েক দিন ধরে জ্বরে ভুগছি। চিকিৎসা নিতে এসে হাসপাতালে এসে দেখি ডাক্তার নেই। একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা চিকিৎসা দিচ্ছেন। ভালো চিকিৎসা নিতে তাই রানীশংকৈল যাচ্ছি।’
শহিদুল ইসলাম নামের অপর এক রোগী বলেন, ‘টাকার অভাবে আমার মতো গরিব মানুষেরা অন্য জায়গায় গিয়ে চিকিৎসাসেবা নিতে পারেন না। হাতের কাছের হাসপাতালে একজন চিকিৎসা দিচ্ছিলেন। সেও আবার চলে যাওয়ায় এখানে এসে এখন কোনো রোগী যথাযথ সেবা পাচ্ছেন না।’
উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আবদুল হালিম জানান, সীমিত জনবল নিয়ে ৫০ শয্যার হাসপাতাল চালাতে খুব কষ্ট হচ্ছে। জটিল রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মাসিক সভা ও জরুরি কাজ ছাড়া হরিপুরে যাওয়া হয় না। চিকিৎসক না থাকায় হাসপাতালের সেবা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর জানান, হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। দু-এক দিনের মধ্যে সেখানে চিকিৎসক দেওয়া হবে।