কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধর করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী। গত ২৪ জুন রাতের এ ঘটনার পরের দিন ভয়ে ওই চিকিৎসক হাসপাতাল থেকে চলে গেছেন। একই কারণে আরেকজন চিকিৎসকও চলে গেছেন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক শূন্য হয়ে পড়েছে। চিকিৎসা সেবা না পেয়ে গত পাঁচ দিনে এ হাসপাতালের তিনজন রোগী মারা গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ জুন স্বেচ্ছাসেবক লীগের কর্মী শাহিন আলম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিকেলে চিকিৎসা কর্মকর্তা আবদুস সামাদ তাঁকে একটি ওষুধ বাইরে থেকে কিনে আনতে বলে কোয়ার্টারে চলে যান। রাতে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সভাপতি নবীরুল ইসলাম ওরফে নবীরসহ কয়েকজন নেতা শাহীন আলমকে দেখতে আসেন। এ সময় জ্বর বেশি থাকায় তাঁরা আবদুস সামাদকে হাসপাতালে ডেকে আনেন। একপর্যায়ে শাহীন আলম ক্ষিপ্ত হয়ে আবদুস সামাদকে মারধর করেন।বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালে আসেন এবং এ ঘটনায় মামলা করতে বলেন। পরদিন আবদুস সামাদ স্বেচ্ছাসেবক লীগের কর্মী শাহীন আলমের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত শাহীন আলমকে গ্রেপ্তার করতে পারেনি।চিকিৎসা কর্মকর্তা আবদুস সামাদ বলেন, খবর পেয়ে তিনি কোয়ার্টার থেকে হাসপাতালে আসেন। ওয়ার্ডে ঢোকার সঙ্গে সঙ্গে শাহীন আলম শয্যা থেকে উঠে তাঁকে মারধর করা শুরু করেন। এ সময় পাশের লোকজন ও হাসপাতালের কর্মীরা তাঁকে রক্ষা করেন। তিনি ভয় ও আতঙ্কে হাসপাতাল থেকে চলে এসেছেন। একই কারণে আরেক চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম হাসপাতাল ছেড়েছেন। এখানে নয়জন চিকিৎসকের জায়গায় গত দুই বছর ধরে এই দুইজন চিকিৎসকই ছিলেন।স্বেচ্ছাসেবক লীগের কর্মী শাহীন আলম বলেন, ‘চিকিৎসক আমাকে ভুল চিকিৎসা দিয়েছে। উচ্চমাত্রার ওষুধ দেওয়ায় আমার মাথা ঠিক ছিল না। তাই এ ঘটনা ঘটেছে।’স্বেচ্ছাসেবক লীগের নেতা নবীরুল ইসলাম বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম এবং চিকিৎসক আবদুস সামাদকে রক্ষা করেছি। শাহীন আলমের খুব বেশি জ্বর ছিল। এ জন্য সে এ ঘটনা ঘটিয়েছে।’রৌমারী উপজেলার গয়টা পাড়া গ্রামের গনি সরকারের স্ত্রী আমেনা বেগম (৭০) গত ২৪ জুন রাতে হাসপাতালে ভর্তি হন। পরদিন চিকিৎসক না থাকায় এবং সময়মতো চিকিৎসা না পেয়ে তিনি মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে ২৫ জুন উপজেলার নঠানপাড়া গ্রামের রবিউল হকের ছেলে সোহেল রানাকে (৮) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসার অভাবে সে মারা যায়। ২৭ জুন উপজেলার কলাবাড়ী গ্রামের শহিদুল ইসলাম (৪০) হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ওই রাতেই তিনি মারা যান। ওই তিন রোগীর আত্মীয়রা এসব অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে শতাধিক রোগী এখানে চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে শ্বাসকষ্টে আক্রান্ত মহসিন আলী (৫৫) বলেন, ‘মইরা গেলাম গো। হাসপাতালে আইসা হুনি ডাক্তার নাই। একজন এসিস্টেন আছে, হ্যায় কী ঔষধ দিব। তবু ভর্ত্তি হইলাম। মরলে হাসপাতালেই মরুম।’বহির্বিভাগে রোগী দেখছেন চিকিৎসা সহকারী অলোক কুমার সরকার। তিনি বলেন, ‘২৫ জুন থেকে হাসপাতালে একা। প্রতিদিন বহির্বিভাগে গড়ে তিন শ রোগী আসে। এ ছাড়া ইনডোরের রোগী আছে ২০ জন। বিষয়টি আমি সিভিল সার্জন স্যারকে জানিয়েছি।’উপজেলা চেয়ারম্যান সুরুজ্জামান বকুল বলেন, হাসপাতালের চিকিৎসকদের মারধর করা হয়। এ জন্য তাঁরা এখানে থাকতে ভয় পান। গত বছরও বাসায় ঢুকে একজন চিকিৎসককে কোপানো হয়েছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে আলোচনা হয়েছে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কফিল উদ্দিন জানান, আসামিদের ধরার জন্য অভিযান চলছে।সিভিল সার্জন গোলাম মোস্তফা বলেন, ওই দুই চিকিৎসককে মুঠোফোনে জানানো হয়েছে। তাঁরা জরুরি ভিত্তিতে কর্মস্থলে ফিরবেন।