চিকিৎসকসংকটে অস্ত্রোপচার সীমিত রাখার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার সীমিত রাখার অনুরোধ করা হয়েছে। ২ জুলাই অ্যানেস্থেসিওলজি বিভাগের পক্ষ থেকে সার্জারি বিভাগকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, অ্যানেস্থেসিওলজি চিকিৎসকের ১২টি পদের মধ্যে আটটি পদই শূন্য। মাত্র চারজন দিয়ে পুরো হাসপাতালের জরুরি অস্ত্রোপচার সম্ভব নয়।
চিঠির বিষয়টি নিশ্চিত করে অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান সাইদুর রহমান বলেন, চারজন অ্যানেস্থেসিওলজি চিকিৎসক দিয়ে এত বড় হাসপাতালের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে জরুরি অস্ত্রোপচার সীমিত রাখার অনুরোধ করা হলো।
তবে সার্জারি বিভাগের অভিযোগ, চারজন অ্যানেস্থেসিওলজিস্টের পাশাপাশি ওই বিভাগে আরও সাতজন সহকারী অধ্যাপক কর্মরত। তাঁরা সব সময় রোগীদের অ্যানেস্থেসিয়া করেন না। এ কারণে জরুরি অস্ত্রোপচার কমে গেছে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি সার্জারি বিভাগের পক্ষ থেকে পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জরুরি অস্ত্রোপচার কমে যাওয়া এবং এ থেকে পরিত্রাণ পেতে ওই স্মারকলিপিতে বলা হয়েছিল, জরুরি ক্ষেত্রে যথাসময়ে অ্যানেস্থেসিওলজিস্ট পাওয়া যায় না। ফলে সময়মতো অস্ত্রোপচার করা সম্ভব হয় না।
এ বিষয়ে অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান বলেন, ‘সহকারী অধ্যাপকদের প্রতিদিন কলেজের ছাত্রদের ক্লাসও নিতে হয়। তাই তাঁদের পক্ষে সময় করা কখনো কখনো সম্ভব হয়ে ওঠে না।’
হাসপাতাল সূত্র জানায়, অ্যানেস্থেসিওলজিস্ট সংকটের কারণে জরুরি অস্ত্রোপচার কমে গেছে। ১৪টি বিভাগের আটটি অস্ত্রোপচার কক্ষে প্রতিদিন জরুরি অস্ত্রোপচার হওয়ার কথা ৮০-৯০টি। সেখানে হচ্ছে মাত্র ৩০-৩৫টি।
প্রতিষ্ঠার পর থেকে ৬০০ শয্যার হাসপাতালটিতে ১২টি অ্যানেস্থেসিওলজিস্ট পদ সৃষ্টি করা হলেও তখন থেকেই মাত্র চারজন কর্মরত রয়েছেন। তখন শুধু গাইনি ও সার্জারি বিভাগে অস্ত্রোপচার কক্ষ ছিল। বর্তমানে শয্যার সংখ্যা ছয় শ থেকে এক হাজারে উন্নীত করা হয়েছে। ফলে অস্ত্রোপচারের রোগীও বেড়েছে।
সার্জারি বিভাগের প্রধান আবু তালেব বলেন, জরুরি রোগী হলে অস্ত্রোপচার তো করতেই হয়। সেখানে সীমিত রাখার বিষয়টি মুখ্য নয়। তিনি বলেন, শুধু সার্জারি ওয়ার্ডেই প্রতিদিন ৩০-৩৫ জন রোগীর অস্ত্রোপচার হওয়ার কথা। কিন্তু সেখানে অস্ত্রোপচার হচ্ছে মাত্র ১০-১৫ জনের।
জানতে চাইলে হাসপাতালের পরিচালকের দায়িত্বে থাকা সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ বলেন, ‘অ্যানেস্থেসিওলজিস্ট কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি।’ অ্যানেসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি দুই বিভাগের বিভাগীয় প্রধানকে অবশ্যই জানাব।’