কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাস ধরে প্রসূতিদের অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) বন্ধ রয়েছে। গাইনি বিশেষজ্ঞ ও অবেদনবিদ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দরিদ্র প্রসূতিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের আগ পর্যন্ত নাগেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে প্রতি মাসে গড়ে ১৫ জন প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হতো। গাইনি বিশেষজ্ঞ না থাকলেও তখন একজন অবেদনবিদ ছিলেন। হাসপাতালের অপর চিকিৎসকেরা তাঁর সাহায্য নিয়ে প্রসূতিদের অস্ত্রোপচার করতেন। নভেম্বর মাসে ওই অবেদনবিদ বদলি হন। তাই তখন থেকে এখানে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনিক ও ব্যক্তি-মালিকানাধীন হাসপাতালের কম টাকায় প্রসূতিদের অস্ত্রোপচার করা হতো। তাই গরিব পরিবারের প্রসূতিরা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেন। কিন্তু সেই সুযোগ না থাকায় এবং টাকার অভাবে ওই প্রসূতিরা ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে যেতে পারছেন না। এ কারণে বাড়িতে বসে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মায়ের বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কেউ কেউ মারাও যাচ্ছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি আর এম মোকছেদুর রহমান বলেন, গাইনি বিশেষজ্ঞ ও অবেদনবিদের পদে লোক নিয়োগের জন্য বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।