চিকিৎসকসংকটে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ মাসের বেশি সময় ধরে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে গরিব রোগীরা বিপদে পড়েছেন। তাঁদের অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল বা জেলা শহরে গিয়ে সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্র জানায়, ২০১৫ সালের এপ্রিল থেকে সেখানে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সাধারণ সার্জনের পদ শূন্য। স্ত্রী ও প্রসূতি রোগের সার্জন শাহানাজ হায়াৎ ২০১৫ সালের ২০ এপ্রিল ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হন। এরপর থেকে ওই পদ শূন্য। এ ছাড়া শুরু থেকেই সার্জনের পদে কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। অবেদনবিদের পদও আট মাসের বেশি সময় ধরে শূন্য। ওই পদের চিকিৎসক আবদুল মান্নান গত এপ্রিল মাসে বদলি হন। এরপর তাঁর পদে কেউ আসেননি। ওই তিন পদ শূন্য থাকায় ২০ মাসের বেশি সময় ধরে সেখানে প্রসূতি, অ্যাপেনডিক্স, টিউমারসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের ১২ পদের ৭টিতেই লোক নেই। এসব পদ বিভিন্ন মেয়াদে খালি।
উপজেলার কেশাইরকান্দি গ্রামের গৃহবধূ রেখা আক্তার (৩৫) বলেন, কয়েক দিন আগে পায়ে টিউমার নিয়ে ওই হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার করাতে পারেননি। পরে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান। এতে অনেক টাকা খরচ হয়েছে। নানা দুর্ভোগও পোহাতে হয়েছে।
মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের গৃহবধূ ফাতেমা আক্তার বলেন, গত ১৫ নভেম্বর বিকেলে প্রসূতি অস্ত্রোপচারের জন্য ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। সার্জন না থাকায় অস্ত্রোপচার করাতে পারেননি। পরে মতলব দক্ষিণ উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান। এতে তাঁর ২৫ হাজার টাকা খরচ হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অস্ত্রোপচারের কক্ষটি (ওটি) তালাবদ্ধ। স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন কর্মচারী বলেন, সার্জন না থাকায় এটি সারা বছর তালাবদ্ধ থাকে। ব্যবহারের অভাবে অস্ত্রোপচারের যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, প্রসূতি ও অন্যান্য অস্ত্রোপচার করাতে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে গড়ে ৩০-৩৫ জন রোগী আসেন। সার্জন না থাকায় এসব রোগী অন্যত্র চলে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী ইউসুফ বলেন, সার্জন ও অবেদনবিদের পদসহ চিকিৎসকের সাতটি শূন্যপদে লোক দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে তিনি আটবার চিঠি পাঠিয়েছেন।
চাঁদপুরের সিভিল সার্জন মো. সাইফুর রহমান বলেন, সেখানকার শূন্যপদে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দু-এক মাসের মধ্যে এ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।