চিকিৎসকসহ আটজনকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দাখিলের জন্য বলা হয়েছে। গতকাল সোমবার সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়েছে।
যাঁদের এ নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) নাজমুল হক, চিকিৎসা সহকারী মেহেদী আজম, সলিম রেজা, ফারজানা আক্তার, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আবদুল মজিদ, কোহিনুর পারভীন, রোকনুজ্জামান এবং সহকারী নার্স রোকনুজ্জামান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীদের কেউ কেউ সপ্তাহে দু-এক দিন দায়িত্ব পালন করে হাজিরা খাতায় গোটা সপ্তাহের সই করে আসছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের সিভিল সার্জন শহিদ মো. মনিরুজ্জামান গতকাল কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তিনি চারজন চিকিৎসা কর্মকর্তা, তিনজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী নার্সকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত পান। তিনি তাৎক্ষণিক তাঁদের কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী সিভিল সার্জন কার্যালয় থেকে গতকালই বিকেলে চিঠি দেওয়া হয়।
সিভিল সার্জন শহিদ মো. মনিরুজ্জামান বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নিজ এলাকার হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের এমন কর্তব্য অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কারণেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপযুক্ত জবাব না পেলে সবার বেতন বন্ধ করা হবে।