ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় মতিউর রহমান (৪৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে নিহত মতিউরের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক আসলাম হাজারী, অবেদনবিদ সারোয়ার জাহান, গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সেলিম মিয়া ও হুমায়ূন মিয়া।
গত শুক্রবার গলায় ব্যথা নিয়ে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত বোরহান উদ্দিনের সৌদিপ্রবাসী ছেলে মতিউরকে শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে ঢাকা থেকে আসা নাক, কান ও গলা বিশেষজ্ঞ আসলাম হাজারী মতিউরের টনসিলের অস্ত্রোপচারের পরামর্শ দেন। দুপুরে ওই হাসপাতালে চিকিৎসক আসলাম হাজারীর নেতৃত্বে মতিউরের অস্ত্রোপচার করা হয়। সারোয়ার জাহান নামের এক চিকিৎসক মতিউরকে অচেতন করেন। অস্ত্রোপচারের পর মতিউরের অবস্থার অবনতি হয়। এ সময় চিকিৎসক মতিউরকে ঢাকায় পাঠাতে হবে বলে জানান। পরে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সঙ্গে সঙ্গে মতিউর মারা যান। এ ঘটনায় মতিউরের স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। এ সময় চিকিৎসক আসলাম হাজারীসহ হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী গা-ঢাকা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংগারবিল ইউপির সদস্য জামাল উদ্দিন গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আধা ঘণ্টার কথা বলে মতিউরের অস্ত্রোপচার শুরু করা হয়। আড়াই ঘণ্টা পার হলেও মতিউরের অস্ত্রোপচার শেষ না হওয়ায় ছোট ভাই লোকমান মিয়া জোর করে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ঢুকে পড়েন। সেখানে মৃত অবস্থায় ভাই পড়ে আছেন বুঝতে পেরে চিৎকার শুরু করেন তিনি। এ সময় চিকিৎসক আসলাম হাজারী হাতে থাকা অস্ত্রোপচারের ছুরি দিয়ে লোকমানকে আঘাত করেন। হাসপাতালের লোকজন লোকমানকে মারধর শুরু করেন। ছুরির আঘাতে লোকমানের ডান হাতের বিভিন্ন স্থান কেটে গেছে। মামলায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
ইউপি সদস্য জানান, লোকমানের অবস্থা সংকটাপন্ন। লোকমান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।
গত শুক্রবার ওই হাসপাতালে গিয়ে আসলাম হাজারীর চেম্বারের নেমপ্লেটে লেখা দেখা যায়, ‘ডা. আসলাম হাজারী এমবিবিএস (ঢাকা), ডিএলও (ঢাকা বিশ্ববিদ্যালয়), ট্রেইন্ড ইন এফইএসএস (লন্ডন), সাহিক বিশেষায়িত (নাক, কান, গলা) হাসপাতাল, মহাখালী, ঢাকা।’ তবে এ ঘটনায় হাসপাতালটির পরিচালক সেলিম মিয়া ও হুমায়ূন মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাসপাতালে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি নবীর হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) রাজু আহমেদ বলেন, দুই চিকিৎসকসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই হাসপাতালের মালিকসহ সব কর্মচারী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শনিবার ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়েছে।