চিকিৎসকসহ চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা একটি পুকুর থেকে গতকাল রোববার এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। একইদিন খুলনার কয়রা উপজেলার একটি বিল থেকে মোটরসাইকেলের এক চালকের এবং বাগেরহাটের মংলায় একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি বিল থেকে শনিবার এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ডুমুরিয়া (খুলনা): উপজেলার বামিয়া গ্রামের ঠাকুরেরচক বিল থেকে আবদুল হাকিম গাজী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কিছুক্ষণ পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান প্রথম আলোকে জানান, হাকিম পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহাতাব উদ্দিন গাজীর ছেলে এবং মোটরসাইকেলের চালক ছিলেন। মোটরসাইকেলটি নেওয়ার জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মংলা (বাগেরহাট): মংলা বন্দর পৌর এলাকার বিএলএস সড়কসংলগ্ন পুকুরে গতকাল সকালে এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই যুবকের নাম পারভেজ শিকদার (২৮)। তিনি মংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালিরমাঠ এলাকার কবির শিকদারের ছেলে। এই ঘটনায় মংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাওগ্রাম এলাকায় শিববাড়ী বিল থেকে গত শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কালুখালী থানার ওসি আজিজুর রহমান জানান, সপ্তাহ খানেক আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে পুকুরে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি গলে গেছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গলাচিপা (পটুয়াখালী):গতকাল বিকেলে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সামুদাবাদ সড়কের পাশের একটি বাড়ির পেছনের পুকুর থেকে মাকলুচুর রহমান ওরফে মুরাদ (৩৪) নামের এক চিকিৎসা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। তিনি বেসরকারি সংস্থা (এনজিও) গণস্বাস্থ্যকেন্দ্রে চাকরি করতেন।
সংস্থাটির উপপরিচালক মিজানুর রহমান জানান, গত শুক্রবার সকালে তাঁদের পক্ষ থেকে একদল চিকিৎসকের সঙ্গে মাকলুচুর চিকিৎসাশিবির পরিচালনার জন্য গলাচিপায় আসেন। তাঁরা সামুদাবাদ সড়কের গোলাম মোস্তফার বাড়িতে ওঠেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বেলা তিনটার দিকে ওই বাড়ির পেছনের পুকুরে মাকলুচুরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।