বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক–নার্সসহ জনবল–সংকট বেড়েছে। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ অভিযোগ তুলে জনবল–সংকট কাটানো এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখ রাসেল চত্বরে ওই মানববন্ধন হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে চিকিৎসকসহ জনবল–সংকট সমাধানসহ জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগে সেবার মান উন্নয়নে ১০টি দাবি জানানো হয়।
স্থানীয় একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নারীস্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের সভাপতি ও পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর মুনিরা ইয়াসমিন, এপিপি জাবির হোসেন, আইনজীবী নূরুল ইসলাম, উদীচীর সভাপতি এ কে আজাদ মল্লিক, কাউন্সিলর মো. রোকনুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুল আলম সিকদার, শাকিল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, একজন রেডিওগ্রাফি টেকনিশিয়ানের অভাবে পাথরঘাটা ৫০ শয্যা হাসপাতালের নতুন এক্স-রে মেশিনটির প্যাকেট নয় বছর ধরে খোলা হচ্ছে না। ১৬ জন নার্সের মধ্যে আছেন ৯ জন। এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে তিনজন, ফিজিওথেরাপিস্ট পদে একজন ও ফার্মাসিস্ট পদে দুজন দীর্ঘদিন ধরে নেই। এতে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় হাসপাতাল বিমুখ হয়ে পড়ছে মানুষ।
নারীস্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের সভাপতি মুনিরা ইয়াসমিন বলেন, হাসপাতালে গাংনী চিকিৎসক নেই এক যুগেরও বেশি সময়। ২৭ জন চিকিৎসকের পদের বিপরীতে আছেন ৪ জন। তাঁদের মধ্যে হাসপাতালের প্রধান রমেশ চন্দ্র মাসে দু-এক দিন আসেন। অপর তিনজন চিকিৎসককেও সহজে খুঁজে পাওয়া যায় না। এ কারণে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মাহফুজা বেগম বলেন, প্রতি মাসে চিকিৎসক ও নার্সসহ জনবল–সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তবে এসব শূন্যপদে নিয়োগের ব্যাপারে তেমন অগ্রগতি নেই।
এসব বিষয়ে কথা বলার জন্য গত মঙ্গলবার ও গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রমেশ চন্দ্রের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।
সিভিল সার্জন রুস্তম আলী বলেন, জেলায় ১৩২ জন চিকিৎসকের মধ্যে আছেন ৩২ জন। নতুন চিকিৎসক পদায়ন হলে তাঁরা দ্রুত তদবির করে বদলি হয়ে চলে যান। এ জনবল–সংকটের কথা বড় সাহেবরাও জানেন। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বিনয় কৃষ্ণ বিশ্বাস বলেন, বরিশাল বিভাগে চিকিৎসক–সংকট খুব বেশি। তবু পাথরঘাটা হাসপাতাল পরিদর্শন করে সম্প্রতি চিকিৎসক পদায়নের জন্য বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছুটি থেকে ফিরলে সেবার মান বাড়াতে দ্রুত উদ্যোগ নিতে বলা হবে।