চিকিৎসকসহ তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ছাড়া নওগাঁয় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভৈরব: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার গকুলনগর এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার চানপুর বড়বাড়ির সালাউদ্দিন মিয়া (২৭) এবং অজ্ঞাত এক ব্যক্তি।নওগাঁ: নওগাঁ-বদলগাছী সড়কে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর এলাকায় গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একটি ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে উত্তম কুমার সিংহবল (৪৩) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তাঁর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়।এ সময় ওই গাড়িতে থাকা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগের চিকিৎসক নাসিমা আক্তার ও গাড়িচালক সাকিব মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন গিয়ে গাড়িটি উদ্ধার করে।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতিলে গত শুক্রবার সন্ধ্যায় একটি বাস পথচারী মোতালেব হোসেনকে (১৮) চাপা দেয়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গতকাল শনিবার সকালে তিনি মারা যান। নিহতের বাড়ি এনায়েতপুর থানার বেতিল গ্রামে।