চিকিৎসকসহ তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে হওয়া মামলায় আদালত গতকাল রোববার এক চিকিৎসকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন। তাঁরা হলেন বরগুনা সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার তাপস কুমার তালুকদার, ভান্ডারিয়ার লাবণ্য ক্লিনিকের মালিক নজরুল ইসলাম ও বিজন কুমার।
তাপস কুমার ঘটনার সময় ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে বরগুনা সদর হাসপাতালে বদলি করা হয়। বিজন কুমার ঝালকাঠির কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট।
বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। গতকাল পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে বিচারক আলী মাসুদ শেখ তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রফিকুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের হাফেজ নুর মোহাম্মাদের মেয়ে সুরাইয়া আক্তার (১৫) অসুস্থ হলে তাকে ভান্ডারিয়া উপজেলা সদরের লাবণ্য ক্লিনিকে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে অস্ত্রোপচার করেন। ১৬ অক্টোবর সুরাইয়া মারা যায়। এ ঘটনায় সুরাইয়ার খালাতো ভাই ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে ভান্ডারিয়া থানায় মামলা করেন।