চিকিৎসকসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার একটি বাসা থেকে গতকাল রোববার মো. শরীফুল কবীর নামের একজন চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন সদর উপজেলার লতিফপুর বারতোফা গ্রাম থেকে গৃহবধূ শামসুন্নাহারের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শরীফুল ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার আবদুল কাদিরের ছেলে। শামসুন্নাহার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখলা গ্রামের মৃত আফির উদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, এমবিবিএস ডিগ্রিধারী শরীফুল কিশোরগঞ্জের করিমগঞ্জ সদরের খান ডায়াগনস্টিকসে দুই বছর ধরে কর্মরত ছিলেন। তিনি খড়মপট্টি এলাকায় মনিরুজ্জামানের মালিকানাধীন বাসার পঞ্চম তলায় একা ভাড়া থাকতেন। গত তিন দিন ধরে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ দরজার তালা ভেঙে শরীফুলের মৃতদেহ উদ্ধার করে।
শামসুন্নাহারের বড় ভাই আতিকুর রহমান জানান, ভগ্নিপতি আবদুর রহিম দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি দেশে ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য হয়। ওই কলহের জের ধরেই তাঁর বোনকে হত্যা করা হয়েছে।