পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, নার্সসহ নানা সংকটে জর্জরিত। চিকিৎসকের অভাবে বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছেন সহকারীরা। এতে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৮টি পদের মধ্যে কর্মরত আছেন চারজন। এ ছাড়া দুজন চিকিৎসা কর্মকর্তা প্রেষণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। জুনিয়র কনসালট্যান্টের ১০টি ও চিকিৎসা কর্মকর্তার১২টিপদ দীর্ঘদিন ধরে শূন্য। সিনিয়র স্টাফ নার্স ২১ জনের স্থলে কর্মরত আছেন ১৪ জন। তাঁদের কয়েকজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। চিকিৎসক-সংকটে আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা দেন। তাঁর পক্ষে জরুরি বিভাগ ও বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। উপসহকারী কমিউনিটমেডিকেল অফিসার দুজন, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল একজন, একজন ফিজিওথেরাপিস্টসহ চারজন যৌথভাবে বহির্বিভাগে প্রতিদিন ২০০-২৫০ জন রোগীকে চিকিৎসা দেন। তবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার বহির্বিভাগে রোগীদের সরকারি টিকিটে ব্যবস্থাপত্র না দিয়ে পৃথকভাবে সিলমোহরযুক্ত সাদা প্যাডে ব্যবস্থাপত্র লিখে বাইরের দোকান থেকে ওষুধ কেনার পরামর্শ দেন। এ বিষয়ে অনেকে কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে একাধিকবার সতর্ক করলেও তিনি তাঁর মতোই কাজ করছেন।
ইসিজি মেশিন ও আলট্রাসনোগ্রাম মেশিন থাকার পরও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে তা কাজে আসছে না। সার্জারি বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জরুরি প্রসূতি মায়েদের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া বহির্বিভাগে রোগীর চাহিদা অনুযায়ী হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুমন চন্দ্র রায় বলেন, ‘প্রতিদিন শত শত রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। চিকিৎসক-সংকটের পরও আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করছি।’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘জরুরি ভিত্তিতে চিকিৎসক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে। চিকিৎসক পদায়ন না হওয়া পর্যন্ত হাসপাতালে সংকটাপন্ন জনবল নিয়ে যথাযথ সেবা প্রদানের চেষ্টা করছি।’