চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই হাসপাতালের কর্মীদের হাতে হবিগঞ্জ জজ আদালতের নাজির ওসমান রেজাউল করিম লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলা করলে আজ মঙ্গলবার এই পরোয়ানা জারি করা হয়।
ওসমান রেজাউল করিম বলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন গতকাল সোমবার রাত আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করেন, হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক গোলাম মহিউদ্দিন ও ওয়ার্ড বয় হাবিবুর রহমান চিকিৎসা দিতে দেরি করেন। এ ছাড়া মাফরোজা পারভীনের জন্য হাসপাতালে একটি কক্ষ চাইলে তাঁরা অপারগতা প্রকাশ করে হাসপাতালের সুপারিনটেনডেন্টের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। কিন্তু সুপারিনটেনডেন্টের মোবাইল নম্বর চাইলে তাঁদের কাছে নম্বর নেই বলে জানানো হয়। চাপাচাপির একপর্যায়ে বিচারককে হাসপাতালে ভর্তি করা হয়। ওসমান রেজাউলের অভিযোগ, আজ মঙ্গলবার সকালে তিনি আবারও হাসপাতালে গেলে চিকিৎসক মহিউদ্দিন ও ওয়ার্ড বয় হাবিবুরসহ কয়েকজন স্টাফ তাঁকে লাঞ্ছিত করেন।
আজ বিকেল পাঁচটার দিকে রেজাউল করিম বাদী হয়ে চিকিৎসক মহিউদ্দিন ও ওয়ার্ডবয় হাবিবুরসহ ১২ জনকে আসামি করে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস এম হুমায়ূন কবিরের আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন। আদালত ওই ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওয়ার্ড বয় হাবিবুর রহমান বলেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পরও বিচারকের সঙ্গে আসা কর্মীরা হাসপাতালের অপারেশন থিয়েটারের একটি কক্ষ বরাদ্দ চান। এ সময় চাবি নিয়ে আসতে একটু দেরি হওয়ায় বিচারকের ব্যক্তিগত গার্ডসহ অন্যরা তাঁকে মারধর করেন। এতে তিনি আহত হন।
এই ঘটনার পর গতকাল সোমবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতালের সব কার্যক্রম বন্ধ থাকে। হবিগঞ্জ সিভিল সার্জন দেবপদ রায় বলেন, এখন হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।