ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে বেসরকারি চিকিৎসালয় মেট্রোপলিটন হাসপাতালের মালিক, চিকিৎসক, কর্মচারীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোগীর ছেলে মীর মইনুল হাসান চৌধুরী গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। আরজিতে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট মোজাম্মেল হোসেন চৌধুরীকে জিইসি মোড়ে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা মন্তব্য করেন। কিন্তু ভুল চিকিৎসার ফলে রক্তক্ষরণের কারণে রোগীর মৃত্যু হয় বলে আরজিতে উল্লেখ করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান অভিযোগ আমলে নিয়ে তা সংশ্লিষ্ট থানায় নথিভুক্ত করার নির্দেশ দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় হাসপাতালের পরিচালক মুবিনুল হক, চিকিৎসক মাহমুদ হাসান, আবদুল হালিমসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।