চিকিৎসকহীন হাসপাতাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল! চিকিৎসকের পদ আছে ২৬টি। কর্মরত আছেন ছয়জন। সেটাও কাগজে-কলমে। বাস্তব চিত্র ভিন্ন। ছয়জনের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এক মাসের ছুটিতে। একজন চিকিৎসক ছয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। অন্যজন ছয় মাসের প্রশিক্ষণে। ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে থাকা চিকিৎসক গেছেন জেলা সদরে। অবশিষ্ট দুজনের মধ্যে এক দিনের বিশ্রামে আছেন একজন; অন্যজনেরও কর্মস্থলে দেখা নেই। কর্মঘণ্টা শুরুর দুই ঘণ্টা পর কর্মস্থলে এলেন তিনি। এটি বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গত ২৬ সেপ্টেম্বর, বুধবারের চিত্র।জানতে চাইলে বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, কাগজে-কলমে ছয়জন চিকিৎসক থাকলেও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসক ছুটিতে, একজন ছুটি ছাড়া অনুপস্থিত এবং একজন দাপ্তরিক কাজে জেলা সদরে অবস্থান করছিলেন। অন্য দুজন চিকিৎসকের কর্মস্থলে থাকার কথা ছিল। ওই দুই চিকিৎসক কেন কর্মস্থলে অনুপস্থিত, তা খতিয়ে দেখা হবে। সিভিল সার্জন আরও বলেন, চিকিৎসক-সংকটের কারণে কিছুদিন ধরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা সহকারীদের দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রধান সহকারী সাইফুল ইসলাম বলেন, তিন চিকিৎসা কর্মকর্তার মধ্যে গত বুধবার স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে থাকা গোলাম মর্তুজা দাপ্তরিক কাজে জেলা সদরে ছিলেন। সাঈদ সালেহীন নামে এক চিকিৎসক আগের রাতে দায়িত্ব পালন করায় পরের দিন বিশ্রামে ছিলেন। গত বুধবার রাতে দায়িত্ব থাকায় চিকিৎসা কর্মকর্তা আলতাফ হোসেন আসতে একটু দেরি করেছেন। এলার্জিতে আক্রান্ত আড়াই বছর বয়সী মেয়েকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন সোনাতলার সুজাইব গ্রামের গৃহবধূ পারভীন আখতার। চিকিৎসককে দেখানোর জন্য সকাল নয়টা থেকে বহির্বিভাগে অপেক্ষা করছিলেন। কিন্তু চিকিৎসকের দেখা নেই। সাড়ে ১০টার দিকে একজন চিকিৎসা সহকারী তাঁর কক্ষ খুলে বসলেন। চিকিৎসক মনে করে পারভীন তাঁর মেয়েকে দেখালেন। কিছুক্ষণ পর একটা ব্যবস্থাপত্র হাতে কক্ষ থেকে বেরিয়ে এলেন পারভীন। বললেন, ‘ডাক্তার ছলটাক দেকে ওষুধ লিকে দিল। আর কলো (বলল) ওপাশের ক্লিনিকে এলার্জির ডাক্তার শাহিন বসে, তাকে দেখাবেন।’ কর্মঘণ্টা শুরুর দুই ঘণ্টা পর বেলা ১১টায় হাসপাতালে এলেন চিকিৎসা কর্মকর্তা আলতাফ হোসেন। দুপুর ১২টার দিকে তিনি অন্তর্বিভাগের রোগীদের দেখতে (রাউন্ড দেওয়া) শুরু করলেন। আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়েকে স্কুলে দিয়ে বগুড়া থেকে ট্রেনে এসেছি। তাই একটু দেরি হলো। তা ছাড়া রাতে ডিউটি করতে হবে। একটু দেরি হলে সমস্যা নেই। কারণ বহির্বিভাগে রোগী দেখেন মেডিকেল সহকারীরা।’ অন্তর্বিভাগের রোগীদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার সময় নারী ওয়ার্ডের সাবিনা বেগম নামে এক রোগী বলেন, ‘এ হাসপাতালত কোনো চিকিৎসা নাই। দিনে-রাতে মাত্র একবার ডাক্তার আসে।’ ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা গোলাম মর্তুজা মুঠোফোনে জানান, তিনি একটি সভায় যোগ দিতে জেলা শহরে আছেন। অন্য এক সহকর্মী হাসপাতালেই আছেন। কোনো অব্যবস্থাপনা বা দায়িত্ব পালনে কারও শৈথিল্য থাকলে খতিয়ে দেখবেন।