চিকিৎসকের অপসারণ দাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একজন চিকিৎসকের অপসারণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। উপযুক্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগে গতকাল বুধবার তাঁরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত চিকিৎসক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। উপাচার্যের কাছে দেওয়া অভিযোগপত্রে শিক্ষার্থীরা দাবি করেছেন, ইমরান হোসেন (দ্বিতীয় বর্ষ চতুর্থ পর্ব) নামে তাঁদের একজন সহপাঠী হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তাঁরা তাঁকে নিয়ে মেডিকেল সেন্টারে যান। কিন্তু সিনিয়র মেডিকেল অফিসার মো. শাহজাহান তাঁকে দেখতে অপারগতা প্রকাশ করেন। তাঁদের দাবি, ‘রোগী ঘুমাচ্ছিল, মরে গেলে পালস দেখব’ বলে মন্তব্য করেন ডাক্তার। শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, চিকিৎসক তখন পাশের আরেকজনের সঙ্গে ব্যক্তিগত আলাপে মত্ত ছিলেন। এ অবস্থায় আবারও রোগী দেখার অনুরোধ জানালে তিনি শিক্ষার্থীদের ‘তুই ডাক্তার না আমি ডাক্তার’ বলে ধমক দেন। এ বিষয়ে মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘গাড়ি থেকে নেমে রোগী নিজেই আমার কাছে এসেছে। তার সঙ্গের ছাত্ররা এসেই স্যালাইন পুশ করার দাবি জানায়। ছাত্রটি অজ্ঞান ছিল না এবং তার কোনো ধরনের স্যালাইনের প্রয়োজনও ছিল না। এ সময় তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা আরও উগ্র আচরণ করে।’ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘অভিযোগপত্র পেয়েছি। ডাক্তারের উচিত ছিল শিক্ষার্থীদের সঙ্গে নম্র আচরণ করা। তবে বিষয়টি নিয়ে তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’