চিকিৎসকের অবহেলায় ছাত্রী মৃত্যুর ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় কলেজছাত্রী শারমিন সরকারের মৃত্যুর ঘটনায় করা মামলা পুনঃ তদন্তের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান এ আদেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে পিবিআইকে পুনঃ তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আদেশের পর নিহত শারমিন সরকারের মা সুফিয়া সরকার প্রথম আলোকে বলেন, ‘আসামিপক্ষ আপসরফা করার জন্য অনেকভাবে চেষ্টা করেছে। চিকিৎসকের অবহেলায় আমার মেয়ে মারা গেছে। আমি বিচার চাই।’ পুনঃ তদন্তের আদেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আজকের আদেশ আমার জন্য নৈতিক জয়।’

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩ জুন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ খানের কাছে কলেজছাত্রী শারমিন সরকারকে নিয়ে যান তাঁর মা-বাবা। চিকিৎসকের পরামর্শে পরদিন ওই হাসপাতালে শারমিন ভর্তি হন। সেখানে গলায় অপারেশন করার পর তিনি মারা যান। এ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, শারমিনের মৃত্যুর জন্য কর্তব্যরত চার চিকিৎসকের অবহেলা দায়ী। এ ঘটনায় থানায় মামলা করেন শারমিনের মা।

আজ রোববার প্রথম আলো পত্রিকায় ‘চিকিৎসকের অবহেলায় ছাত্রীর মৃত্যু: বিচার পাওয়া নিয়ে শঙ্কায় মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বাদীর আইনজীবী শাহ আলম বলেন, শারমিন সরকারের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তদন্তে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট চিকিৎসকদের সাময়িক বহিষ্কারও করা হয়। চলতি বছরের ১২ অক্টোবর এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ, সেখানে চার চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়। ২০ নভেম্বর পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে মামলাটি পুনঃ তদন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন শারমিনের মা।