চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার চিকিৎসকের অবহেলায় রহিমা বেগম (২৬) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন একজন চিকিৎসকসহ দুজনকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, প্রসবব্যথা ওঠার পর উপজেলার খোর্দ্দপাটানোছা গ্রামের রফিক মিয়ার স্ত্রী রহিমাকে বুধবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা তিনটা পর্যন্ত কোনো চিকিৎসক তাঁকে ব্যবস্থাপত্র দেননি। অবস্থার অবনতি হলে রহিমার আত্মীয়স্বজনেরা কান্নাকাটি শুরু করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার প্রসূতিকে একটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণের মধ্যে রহিমা মারা যান। পরে রহিমার আত্মীয়স্বজন এবং স্থানীয় লোকজন হাসপাতালে গিয়ে চিকিৎসক মো. মোমিনুল ইসলাম ও সেবিকা আনোয়ারা বেগমকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোমিনুল ইসলাম বলেন, রোগীকে ওরাডিক্সন ইনজেকশন দেওয়া হয়েছে। এ কারণে তাঁর মৃত্যু হওয়ার কথা নয়।