চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে চিকিৎসকের অবহেলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই চিকিৎসকের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার নওহাটা গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী ফারহানা আহম্মেদ ওরফে সুইটিকে (২৭) দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার জন্য ১ নভেম্বর ফরিদপুর আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফরিদপুর মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা জেবার তত্ত্বাবধানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভের সন্তানের পাশাপাশি প্রসূতির পেটে টিউমার ধরা পড়ে।
ফারহানার ভাই শফিকুর রহমান লিখিত অভিযোগে জানান, ওই দিন সকালে ওই চিকিৎসক অস্ত্রোপচার করে গর্ভের মেয়েসন্তান ও টিউমার অপসারণ করেন। পরে রোগীর রক্তক্ষরণ বন্ধ না হলে তিনি দুপুরে আবার অস্ত্রোপচার করেন। ওই সময় ওই চিকিৎসক আরও আটটি অস্ত্রোপচারে ব্যস্ত থাকায় ঠিকমতো সময় দেননি। অস্ত্রোপচার করার পর সেবিকাকে দিয়ে সেলাই করান। পরে তিনি রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ফারহানাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। রাতেই ফারহানাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক নুসরাত জামান জানান, দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর রোগীকে প্রয়োজনীয় সেলাই ও ব্যান্ডেজ দেওয়া হয়নি। ফলে রক্তপাত ঘটে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে গেছে।
দিলরুবা জেবা বলেন, ‘সরকারি চাকরির পাশাপাশি ক্লিনিকে কাজ করি। তাই চাপ একটু বেশিই থাকে। সেবিকাদের দিয়ে সেলাই করানোর অভিযোগ ঠিক নয়।’