চিকিৎসকের অবহেলায় ছাত্রীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শারমিন আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টায় শ্বাসনালিতে খাবার আটকে তার মৃত্যু হয় বলে ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করছে। এদিকে ছাত্রীর পরিবার চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে।স্কুলছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়ে চিকিৎসকের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। শারমিন শহরের খারদ্বার এলাকার রিকশাভ্যানচালক সিরাজুল ইসলামের মেয়ে এবং জাহানাবাদ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মুক্তি ক্লিনিকের চিকিৎসক নাঈমা ফেরদৌসীর উদ্ধৃতি দিয়ে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রোববার রাত ১১টার দিকে ওই ছাত্রীর অ্যাপেনডিকসের অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভোরের দিকে রোগীর বমি শুরু হয়। তাকে সকাল ছয়টার দিকে আবার ওটিতে নেওয়া হলে সেখানে সে মারা যায়। অতিরিক্ত বমি হওয়ার কারণে শ্বাসনালিতে খাবার আটকে রোগী মারা যায়।সিরাজুল ইসলাম অভিযোগ করেন, রাত ১২টার দিকে শারমিনকে ওটি থেকে বিছানায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর বমি শুরু হয়। বিষয়টি ক্লিনিকের মালিক ও চিকিৎসক এস কে কায়উমকে জানানো হয়। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। তাঁর অবহেলায় শারমিন মারা গেছে। তিনি ওই চিকিৎসকের বিচার দাবি করেন।মুক্তি ক্লিনিকের মালিক এস কে কায়উম প্রথম আলোকে বলেন, রোগীর সফল অস্ত্রোপচার হয়। কিন্তু সকালে হঠাৎ বার কয়েক বমি করে সে। বমির সময় খাদ্য তার শ্বাসনালিতে আটকে দম বন্ধ হয়ে মারা যেতে পারে।