চিকিৎসকের অবহেলায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকার অবহেলায় গত শুক্রবার পারভীন আক্তার নামের এক স্কুলছাত্রী মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারভীন উপজেলার সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নূর নবী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহার হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নওগাঁর সিভিল সার্জন গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নওগাঁ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট মাহবুব আলম সিদ্দিককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। নূর নবী অভিযোগ করেন, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ায় পারভীন আক্তারকে শুক্রবার বিকেল পাঁচটায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মনোরঞ্জন মণ্ডল ও সেবিকা রুবিনা চিকিৎসাসেবা না দিয়ে কালক্ষেপণ করেন। এমনকি আশঙ্কাজনক অবস্থা হলেও পারভীনকে অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়নি। পরে মেয়ের জীবন বাঁচাতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে খোঁজাখুঁজি করেও কোনো চিকিৎসক ও সেবিকা পাননি তিনি। শেষ পর্যন্ত সন্ধ্যা সাতটায় পারভীন মারা যায়।মনোরঞ্জন মণ্ডল বলেন, ‘রোগীকে ভর্তি করার পর তাকে অক্সিজেন দেওয়ার জন্য সেবিকা রুবিনাকে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু সময়মতো অক্সিজেন না দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে।’সিভিল সার্জন মো. আলাউদ্দিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।