চিকিৎসকের অবহেলায় ছাত্রীর মৃত্যুর মামলা পুনঃ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় কলেজছাত্রী শারমিন সরকারের মৃত্যুর অভিযোগে করা মামলা পুনঃ তদন্তের আদেশ দিয়েছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান এ আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে পিবিআইকে পুনঃ তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আদেশের পর শারমিন সরকারের মা সুফিয়া সরকার প্রথম আলোকে বলেন, ‘আসামিপক্ষ আপসরফা করার জন্য অনেকভাবে চেষ্টা করেছে। চিকিৎসকের অবহেলায় আমার মেয়ে মারা গেছে। আমি তাঁর বিচার চাই।’ পুনঃ তদন্তের আদেশে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আজকের আদেশ আমার জন্য নৈতিক জয়।’

আদালত সূত্র বলেছে, ২০১৫ সালের ৩ জুন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ খানের কাছে কলেজছাত্রী শারমিন সরকারকে নিয়ে যান তাঁর মা-বাবা। চিকিৎসকের পরামর্শে পরদিন ওই হাসপাতালে শারমিন ভর্তি হন। সেখানে গলায় অস্ত্রোপচার করার পর তিনি মারা যান। এ ঘটনায় ওই হাসপাতাল কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, শারমিনের মৃত্যুর জন্য কর্তব্যরত চার চিকিৎসকের অবহেলা দায়ী। এ ঘটনায় থানায় মামলা করেন শারমিনের মা। গতকাল প্রথম আলোয় ‘চিকিৎসকের অবহেলায় ছাত্রীর মৃত্যু, বিচার পাওয়া নিয়ে শঙ্কায় মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।