চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু!
ভোলা সদর উপজেলার উকিলপাড়ায় ন্যাশনাল হেল্থ কেয়ার নামক ক্লিনিকের চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় এক প্রসূতি মা মরা শিশু জন্ম দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রোগীর আত্মীয়স্বজনেরা বিক্ষোভ প্রদর্শন ও ক্লিনিকে ভাঙচুর করে। ভোলার চরফ্যাশন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন বলেন, ‘আমার স্ত্রী ফারহানা ফেরদৌসীর প্রসব বেদনা উঠলে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার সময় তাঁকে ন্যাশনাল হেল্থ কেয়ারে ভর্তি করি। শুক্রবার সকাল সাতটার দিকে চিকিৎসক এসে দেখে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে স্বাভাবিক প্রসব না হলে অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু বেলা একটার দিকে প্রসব বেদনা তীব্র হলে কর্তব্যরত সেবিকাদের দিয়ে চিকিৎসককে ডাকতে বলি। কিন্তু চিকিৎসক আসেননি। পরে রাত সাড়ে আটটার দিকে মরা শিশু প্রসব করেন।’ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মরা শিশু প্রসবের পর রোগীর আত্মীয়স্বজনেরা ক্লিনিকে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর করেন। ক্লিনিকে ভর্তি রোগী নাজমুন নাহার (২৩) বলেন, ‘আমার মা অক্সিজেনে থাকা অবস্থায় ক্লিনিকে হামলা হয়েছে। আমাাদের কক্ষের জানালার কাচ ভেঙে চার-পাঁচটি ইট এসে পড়ে। ভয়ে মাকে টয়লেটের ভেতরে নিয়ে রাখি। সারা রাত আমরা ভয়ে ঘুমাতে পারিনি।’ একই অভিযোগ করেন ক্লিনিকে ভর্তি আটটি কেবিনের রোগীর অভিভাবক। ক্লিনিকের মালিক মো. সোলায়মান, ব্যবস্থাপক মো. রিয়াজ হোসেন ও সেবিকা দীপিকা রায় জানান, শিশুর শরীরে তিনটি নাড়ি পেঁচিয়ে ছিল। শিশুর অবস্থান ঠিক না থাকায় দুই হাত মাথার সঙ্গে বেরিয়ে আসে। অন্যদিকে রোগীর অভিভাবক রোগীকে যে সময় ক্লিনিকে ভর্তি করেছে, সে সময় অস্ত্রোপচারের অবস্থা ছিল না। অস্ত্রোপচার করলেও শিশু মারা যেত। বাধ্য হয়েই স্বাভাবিক প্রসব করানো হয়েছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে ক্লিনিকের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।’