কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা-বিষয়ক আলোচনা না হয়ে চিকিৎসকদের অবহেলার কারণে হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে সকাল ১০টায় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দুজন বক্তার পরই পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, বুধবার দিবাগত রাত দুইটার দিকে একজন গর্ভবতীকে কিশোরগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শরফুদ্দিন আহমেদ দেখতে পান, গর্ভবতীর পেটের বাচ্চাটি অর্ধেক প্রসব অবস্থায় আছে। তিনি সঙ্গে সঙ্গে গর্ভবতীকে প্রসূতি ওয়ার্ডে (দ্বিতীয় তলায়) পাঠিয়ে দেন। কোনো চিকিৎসক না থাকায় রোগীর সঙ্গে আসা লোকজন বাধ্য হয়ে তাঁকে মোবাইল ফোনে বিস্তারিত জানান। এ সময় তিনি রোগীকে সহযোগিতা করার জন্য কিশোরগঞ্জ থানার ওসিকে হাসপাতালে যাওয়ার জন্য নির্দেশ দেন। ওসি গিয়ে জরুরি বিভাগের চিকিৎসককে চিকিৎসাসেবা দেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি গর্ভবতীকে চিকিৎসা দেননি। পরে প্রসূতি ওয়ার্ডে দায়িত্বে থাকা (অন-কল) প্রসূতি বিশেষজ্ঞ শশাংক কুমার সূত্রধরকে মোবাইল করেন। তাঁকে মোবাইলে পাওয়া যায়নি। তখন প্রসূতি বিভাগে কর্মরত চিকিৎসক মুক্তা সুলতানাকে ডেকে আনা হয়। এ অবস্থায় বাচ্চাটি মৃত অবস্থায় প্রসব হয়।সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান সভায় চিকিৎসকদের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি সভায় জানান, জরুরি বিভাগের চিকিৎসক শরফুদ্দিন আহমেদ ও গাইনি বিশেষজ্ঞ শশাংক কুমার সূত্রধরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।