চিকিৎসকের অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গত রোববার চিকিৎসকের অবহেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা জয়া সাঁওতাল (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জয়া উপজেলার জগদীশপুর চা-বাগানের তিন নম্বর সেকশনের বাসিন্দা দুলাল সাঁওতালের স্ত্রী। দুলাল জানান, রোববার বিকেল পাঁচটার দিকে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত জয়াকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুখলাল সরকারের বাসায় যান। এ সময় তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য কমপ্লেক্সের বাইরে ডায়াগনস্টিক সেন্টারে তাঁদের পাঠিয়ে দেন। পরে সন্ধ্যা সাতটার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে জয়াকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর থেকে সুখলাল সরকারকে আর হাসপাতালে দেখা যায়নি।দুলাল আরও বলেন, ‘রাতে জয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত সেবিকাদের পরামর্শে আমি তিনবার সুখলালের বাসায় গিয়ে তাঁকে ডাকাডাকি করি। কিন্তু তিনি কোনো সাড়া দেননি। রাত পৌনে একটায় জয়া মারা যান।’আরএমও সুখলাল সরকার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাতে রোগীকে দেখে গেছি।’ রাতে কোন সময় দেখছেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘চা-বাগানের শ্রমিকেরা আমার ওপর নির্ভরশীল। আমি আন্তরিকতার সঙ্গে তাঁদের চিকিৎসা করি।’ পুনরায় একই প্রশ্ন করলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে কেউ আমাকে কল দেয়নি। তাই আসা হয়নি। এ ছাড়া আমি অসুস্থ।’মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি এখনো শুনিনি।’