চিকিৎসকের অবহেলায় নেতার মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের অবহেলায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী মহানগর বিএনপির সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।এ ঘটনায় বিএনপির নেতার স্বজনেরা হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের অপমান করেন। এতে ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা, হাসপাতালে ইসিজি, সিটি স্ক্যানযন্ত্র, টেলিফোন ও জরুরি ওষুধপত্র সরবরাহের দাবিতে তাঁরা গতকাল সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন।বিএনপির নেতা আসাদুজ্জামানের বাড়ি নগরের রাজপাড়া থানা এলাকায়। তাঁর স্ত্রী হালিমা বেগম অভিযোগ করেন, শুক্রবার রাত ১১টায় আসাদুজ্জামানকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তাঁর শরীরে প্রচণ্ড খিঁচুনি হচ্ছিল। কিন্তু ওই সময় কোনো নার্স কিংবা চিকিৎসক তাঁর চিকিৎসা দেননি। সারা রাত তিনি বিনা চিকিৎসায় পড়ে থাকেন। গতকাল সকাল নয়টায় একজন শিক্ষানবিশ চিকিৎসক এসে আসাদুজ্জামানের শরীরে ইনজেকশন দেন। এতে তাঁর খিঁচুনি আরও বেড়ে যায় এবং ২০ মিনিটের মধ্যে রোগী মারা যান।১৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মাহবুবুর রহমান চিকিৎসকদের রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, মাথাব্যথা ও বমি বমিভাব নিয়ে রোগী ভর্তি হয়। তাঁর সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। হাসপাতালের সিটি স্ক্যানযন্ত্র খারাপ হওয়ায় স্বজনেরা রোগীকে বাইরে নিয়ে যান। সেখান থেকে ফিরে আসার পরই রোগী মারা যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে রোগীর স্বজনেরা ওয়ার্ডে গিয়ে চিকিৎসকদের ওপর চড়াও হন। এ সময় ভেতর থেকে গেট বন্ধ করে দেওয়া হলে তাঁরা গেট ভাঙার চেষ্টা করেন এবং চিকিৎসকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিক্ষানবিশ চিকিৎসকেরা বলেন, জরুরি বিভাগ ছাড়া অন্য সব জায়গায় তাঁদের কর্মবিরতি চলছে। দাবি বাস্তবায়ন করা না হলে তাঁরা কাজে যোগ দেবেন না।