চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকের অবহেলায় গত সোমবার সুলতানা রাজিয়া (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সদর উপজেলার মদনপুর বাজারের বাসিন্দা চঞ্চল ফারাসের স্ত্রী।
রাজিয়ার স্বজনেরা জানান, রাজিয়ার সন্তান প্রসব করানোর কথা ৩ মার্চ। চিকিৎসকের পরামর্শে ১ মার্চ শনিবার তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে রাজিয়ার সন্তান প্রসব করানো হয়। এটি তাঁর তৃতীয় সন্তান। অস্ত্রোপচারের পর অল্প সময়ের জন্য রাজিয়ার জ্ঞানও ফেরে। দুপুরের পরই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত নয়টার দিকে তাঁর নাক, মুখসহ কয়েকটি অঙ্গ বিবর্ণ হয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পরদিন সোমবার সকাল নয়টার দিকে আবার অস্ত্রোপচার করা হয়। আট ব্যাগ রক্ত দেওয়ার পরও রোগীর অবস্থার উন্নতি হয়নি। রাতে রাজিয়ার মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একাধিক সেবিকা জানান, সম্ভবত রোগীর পেটের ভেতরে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
অস্ত্রোপচার দলের নেতৃত্বদানকারী প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ জীবন কৃষ্ণ সরকার বলেন, ‘১০০টি রোগীর মধ্যে একটি কেইস ঘটতে পারে। পেটে সিলিকৃত জায়গার কোনো পয়েন্ট হতে রক্তক্ষরণ হতে পারে।’
ওই হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান চিকিৎসক রঞ্জন কুমার কর্মকার বলেন, প্রতি হাজারে তিনজন রোগীর ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রাজিয়ার স্বামী চঞ্চল ফারাস বলেন, চিকিৎসকের গাফিলতির কারণেই রাজিয়ার মৃত্যু হয়েছে।