চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু!
সিরাজগঞ্জে বেসরকারি হাসপাতাল আভিসিনায় চিকিৎসকের অবহেলায় গতকাল শনিবার ভোরে এক প্রসূতি মায়ের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর করেছে। পুলিশ স্ত্রীরোগ বিশেষজ্ঞ শামীমা আজিজ ও নার্স কানিজ ফাতিমাকে গ্রেপ্তার করেছে।পুলিশ, হাসপাতাল ও রোগীর আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার স্টেশন রোড কয়লাপট্টি এলাকার ব্যবসায়ী চন্দন সাহার স্ত্রী সোমা সাহা (৩২) অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চিকিৎসক শামীমা আজিজের তত্ত্বাবধানে ছিলেন। তিনি সোমার সন্তান প্রসবের সম্ভাব্য দিন নির্ধারণ করেন ৪ আগস্ট। গত শুক্রবার রাত আটটার দিকে সোমা পেটে ব্যথা অনুভব করলে তাঁকে বড়গোলা পট্টির আভিসিনা হাসপাতালে শামীমা আজিজের কাছে নেওয়া হয়। তিনি পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রাত সাড়ে ১০টার দিকে পেটের ব্যথা বাড়ায় হাসপাতালের নার্স ও আয়ারা সোমাকে ডেলিভারি করান। এ সময় একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু সোমার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক শামীমাকে খবর দিলে তিনি এসে তাৎক্ষণিকভাবে সোমার জরায়ু অপসারণ করেন। পরে গতকাল ভোর পাঁচটার দিকে সোমার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকে কয়েক শ বিক্ষুব্ধ লোক হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ হাসপাতালের পরিচালক ও সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আবু মোহাম্মদ শহিদুল্লাহ, চিকিৎসক শামীমা আজিজ, নার্স কানিজ ফাতেমা, সুলতানা ইয়াসমিন, তিন্নি খাতুন ও স্টাফ আকাশকে আটক করে। চিকিৎসক শামীমা আজিজ বলেন, ‘ভর্তির সময় রোগীর অবস্থা খারাপ ছিল না। রাতে ডেলিভারি করার পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আমাকে খবর দিলে আমি উপস্থিত হই। রক্তক্ষরণ বন্ধ করার জন্য অপারেশন করে জরায়ু অপসারণ করার চেষ্টা করি। এ সময় রোগী শকে মারা গেছেন।আভিসিনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, স্বাভাবিক ডেলিভারি হওয়ার পর রোগীর রক্তক্ষরণ বন্ধ না হলে তার জরায়ু অপসারণ করতে হয়। এ কারণে অপারেশন করা হয়েছে। রোগীকে রক্তও দেওয়া হয়েছে। নবজাতক শিশু বেঁচে থাকলেও প্রসূতি মা মারা গেছেন। বর্তমানে হাসপাতাল বন্ধ রয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, নিহতের স্বামী চন্দন সাহা বাদী হয়ে শামীমা আজিজ ও কানিজ ফাতেমাকে আসামি করে মামলা করেছেন। আদালত তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।