চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা শহরের একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজনেরা হামলা করার চেষ্টা করলে স্থানীয় প্রশাসন ওই ক্লিনিকের সামনে পুলিশ মোতায়েন করে।
রোগীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালমেঘা গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার (২০) গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ রাত ১২টার দিকে ওই রোগীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়। কিন্তু দালালেরা ওই রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুভেচ্ছা ক্লিনিকে নিয়ে আসে। ওই ক্লিনিকের মালিক ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম রাত দুইটার দিকে ওই প্রসূতির অস্ত্রোপচার করলে তিনি একটি ছেলেসন্তান জন্ম দেন। সকাল ছয়টার দিকে তিনি মারা যান।
ক্লিনিকের মালিক চিকিৎসক শাহনাজ বেগমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।