চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু?
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শুক্রবার দুপুরে চিকিৎসকের অবহেলায় আবুল কালাম (৩৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের শাস্তি দাবি করে কালামের স্বজনেরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার হলতা গ্রামের মোতাহার আলী খানের ছেলে আবুল কালাম (৩৫) জ্বরে আক্রান্ত হয়ে গতকাল সকাল নয়টায় হাসপাতালে ভর্তি হন। দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। হাসপাতালের রেজিস্টারে লিপিবদ্ধ তথ্য অনুযায়ী কালাম জ্বর ও খিঁচুনি রোগে মারা গেছেন।
আবুল কালামের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির পর শুধু একজন সেবিকা এসে রোগীকে স্যালাইন পুশ করেন। হাসপাতালে কোনো চিকিৎসকই ছিলেন না। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস কে নাথের কাছে গিয়ে বারবার ধরনা দিলেও তিনি রোগীকে দেখতে আসেননি।
অভিযোগ অস্বীকার করে এস কে নাথ দাবি করেন, রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিল। এ কারণে মারা গেছেন। সিভিল সার্জন আবদুল গণি বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। রোগীর মৃত্যুর জন্য কর্তব্যরত চিকিৎসক দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’