ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় নূর আহম্মদ (৭০) নামের এক রোগীর মৃত্যুর সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জেলা সিভিল সার্জনের কাছে গতকাল রোববার এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।রোগীর পরিবার সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার নিচিন্তা গ্রামের নূর আহম্মদ ডায়রিয়ায় আক্রান্ত হলে গত শুক্রবার সকালে তাঁকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রায় ১০ ঘণ্টা বিনা চিকিৎসায় থাকার পর রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেনী সিভিল সার্জন হরিপদ রায় বলেন, এ ব্যাপারে আরও তদন্তের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।নূর আহম্মদের মেয়ে শিরিনা আক্তার অভিযোগ করেন, ডায়রিয়ায় আক্রান্ত হলে তিনি তাঁর বাবাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল খায়ের মিয়াজীর সরকারি বাসায় নিয়ে যান। সেখানে ৩০০ টাকা ফির বিনিময়ে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন আবুল খায়ের। একই সঙ্গে রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরামর্শ দেন। শিরিনা অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁর বাবাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু কর্মরত চিকিৎসক রেবেকা সুলতানা বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মিয়াজী রাত সাড়ে আটটা পর্যন্ত রোগীকে দেখতে যাননি। অবস্থার অবনতি দেখে সেবিকারা ওই রোগীকে দেখতে যাওয়ার জন্য ওই দুই চিকিৎসককে বার বার অনুরোধও করেন। সাড়ে আটটার দিকে তাঁর বাবা নূর আহম্মদ মারা যান।পুলিশ সূত্র জানায়, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন ওই রাতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসকদের অবরুদ্ধ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হলে তিনি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরওয়ার জাহানের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গতকাল সেই প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির একমাত্র সদস্য সরওয়ার জাহান রোগীর মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকদের অবহেলার সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।