চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
ঠাকুরগাঁও শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শুক্রবার রঞ্জনা বেগম (৪৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে রোগীর স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছে। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক আত্মগোপন করেছেন। প্রত্যক্ষদর্শী ও রোগীর চাচা নূর আলম জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজিডাঙ্গীপুকুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রঞ্জনা বেগম কিডনি রোগে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর কিডনিতে পাথর ধরা পড়ে। কিডনির পাথর অপসারণের জন্য শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে শহরের মাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বিকেল পাঁচটার দিকে ওই হাসপাতালের চুক্তিভিত্তিক চিকিৎসক সার্জন মো. রুহুল কুদ্দুছ অস্ত্রোপচার শুরু করেন। অবেদনবিদ হিসেবে দায়িত্ব পালন করেন মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসক ধীরেন্দ্র নাথ রায়। অস্ত্রোপচার শেষে রঞ্জনা বেগমকে পর্যবেক্ষণ কক্ষে আনা হয়। রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে তড়িঘড়ি রক্ত দেন। এর মধ্যে রোগীর অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে রাত আটটার দিকে রঞ্জনা মারা যান। রোগীর মৃত্যুর পর হাসপাতাল থেকে সরে পড়েন চিকিৎসক মো. রুহুল কুদ্দুছ।রোগীর ছেলে মাসুদ পারভেজ বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “রোগীর অবস্থার অবনতি ঘটেছে। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে হবে।” আমরা মায়ের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানায়, তাঁর সঙ্গে দেখা করা যাবে না।’ রাত সাড়ে ১১টার দিকে রোগীর স্বজনদের কাছে লাশ হস্তান্তরের জন্য আবাসিক চিকিৎসক আবু বকর মর্তুজা আলম মৃত্যু সনদ লেখার পর একদল যুবক সংশ্লিষ্ট চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে ভাঙচুর শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাত ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, চিকিৎসকের অবহেলার বিষয়টি তদন্ত করে দেখা হবে। তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের কক্ষটি সিলগালা করে দেওয়া হবে। সার্জন মো. রুহুল কুদ্দুছের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু বকর মর্তুজা আলম বলেন, ‘রোগীর শ্বাসকষ্ট ছিল। অস্ত্রোপচারের পর তিনি হূদিক্রয়া বন্ধ হয়ে মারা যান।’