চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় পৌর শহরের কর্মকারপাড়া মহল্লার মাধব কর্মকার (৫০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনায় ক্ষিপ্ত রোগীর আত্মীয়স্বজনসহ এলাকাবাসী হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।রোগীর ভাতিজা লিটন ও চন্দন কর্মকার জানান, গতকাল বুধবার বেলা ১১টার দিকে তার জ্যাঠা মাধব কর্মকার হূদরোগে আক্রান্ত হন। বেলা সোয়া ১১টায় তাঁকে গুরুদাসপুর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। প্রায় ৩৫ মিনিট ওই রোগীকে হাসপাতালের বারান্দায় অপেক্ষা করতে হয়। অনেক চিৎকার-চেঁচামেচির পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান আসেন। রোগীকে দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেই অ্যাম্বুলেন্স ঠিক করান। রোগীর স্বজনদের অভিযোগ, মৃত রোগীকে রাজশাহী পাঠিয়ে চিকিৎসক দায় এড়ানোর চেষ্টা করেন।প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক তাপস দাম ও মাহবুব বিশ্বাস জানান, রোগী হাসপাতালে আনার পর প্রায় ৪০ মিনিট চিকিৎসকের অপেক্ষায় ছিল। রোগী মারা গেলে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপসহ চিকিৎসকের ওপর চড়াও হয়। একপর্যায়ে চিকিৎসক হুমায়ুন কবীরকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সামনে বিক্ষুব্ধ কয়েক শ মানুষের ভিড়। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ভেতরে প্রশাসনিক কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের কক্ষে পৌর মেয়র শাহনেওয়াজ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ রোগীর স্বজনদের নিয়ে বৈঠক করেন। মেয়র শাহনেওয়াজ আলী বলেন, ‘হাসপাতালের চিকিৎসকদের দায়িত্ব অবহেলার খবর বিভিন্ন সময়ে আমার কানে আসে। আজকে তার প্রমাণ পাওয়া গেল।’ ডাক্তার হুমায়ুন কবীর বলেন, ‘আমি খবর পেয়ে দুই-তিন মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে দেখি, স্যার (মুস্তাফিজুর রহমান) রোগীকে চিকিৎসা দিচ্ছেন। রোগীকে মৃত ঘোষণা করা মাত্রই কিছু জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তাঁর হাতে কিলঘুষি লাগে।’ তবে তিনি দায়িত্ব অবহেলা করেননি বলে দাবি করেন। মুস্তাফিজুর রহমান বলেন, ‘সঠিক সময়ে চিকিৎসা দিয়েছি।’ তবে ঝুঁকি এড়াতে রোগীকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।