চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বাড়ছেই
ঠাকুরগাঁওয়ের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকের দায়িত্বে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করছেন স্বজনেরা। এ অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। গত ১৬ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক রেজাউল করিম (৩৩) চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি মারা যান। ছাত্ররা দাবি করেন, শিক্ষক রেজাউল করিম অ্যাজমার রোগী ছিলেন জেনেও কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্যথানাশক ইনজেকশন দেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ইনস্টিটিউটের ছাত্ররা হাসপাতালের দরজা-জানালার কাচ ভাঙচুর এবং রাস্তা অবরোধ করেন। ঠাকুরগাঁও শহরের মুসলিমনগরের ঈশা খান (৫০) শ্বাসকষ্ট নিয়ে ২৫ মে সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রাতে চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রংপুর হাসপাতালে নেওয়ার সময় পথে তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে রংপুর পাঠাতে দেরি করেছেন বলে অভিযোগ এনে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। সদর উপজেলার আকচা ঘাটপাড়া গ্রামের কোহিনূর বেগম (১৯) প্রসববেদনা নিয়ে ২৯ জুলাই রাতে শহরের তাঁতিপাড়ার সেভেন-ডে ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকের পরিচালক আমিনার রহমান চিকিৎসক সেজে সহকর্মীদের নিয়ে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করেন। কোহিনূর সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার পর তাঁর ক্ষতস্থান থেকে রক্ত-পুঁজ বের হলে তিনি ৭ আগস্ট আবার ক্লিনিকে যান। কিন্তু রোগীর অবস্থা দেখে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো দায় নিতে অস্বীকার করে। রোগীর স্বজনেরা পরে ঘটনাটি সিভিল সার্জনকে জানালে ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষ সিলগালা করে দেওয়া হয়। ১৯ আগস্ট সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি ঢাঙ্গীপুকুর গ্রামের রঞ্জনা বেগম (৪৫) কিডনির পাথর অপসারণ করাতে শহরের মাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। ওই দিন হাসপাতালের চিকিৎসক রুহুল কুদ্দুছ তাঁর অস্ত্রোপচার করেন। এরপর রোগীর শ্বাসকষ্ট শুরু হয় এবং অবস্থার অবনতি ঘটে। রাতে রোগী মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে একদল যুবক চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে এনে ওই চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে ভাঙচুর চালায়। সদর উপজেলার দক্ষিণ সেনিহারি জামাদারপাড়া গ্রামের বিউটি বেগমের (১৯) প্রসবব্যথা উঠলে ৩ সে্বেম্বর তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন চিকিৎসক খুরশিদ জাহান হক বিউটির অস্ত্রোপচার করেন। বিউটি একলামসিয়া রোগী হওয়ায় অস্ত্রোপচারের পর তাঁকে একটি বিশেষ কক্ষে রাখা হয়। কিন্তু ওই রোগীর ব্যবস্থাপত্র ভুলে অস্ত্রোপচার কক্ষে থেকে গেলে তা পরে আর খুঁজে পাওয়া যায়নি। দায়িত্বে থাকা সেবিকারা বিউটির চিকিৎসার খোঁজ না নেওয়ায় এক ধরনের বিনা চিকিৎসায় ৪ সে্বেম্বর তিনি মারা যান। বিউটির স্বামী শাহাজাহান চিকিৎসক ও সেবিকাদের গাফিলতির কারণে তাঁর স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছেন বলে লিখিত অভিযোগ করেছেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খয়রুল কবির বলেন, হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ প্রায়ই ওঠে। তিনি আরও বলেন, ‘অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখি। সত্যতা পেলে অনেক সময় ব্যবস্থা নিই।’ তিনি উল্লেখ করেন, বিউটির স্বামীর অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ার পর দুই সেবিকাকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে অন্য হাসপাতালে বদলি করা হয়েছে।