চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ হাসপাতালে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর মডার্ন হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আবদুর রহিম (৭৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রোগীর স্বজনেরা ওই হাসপাতালে হামলা চালিয়ে কর্তব্যরত চিকিৎসক কাজী মো. ইলিয়াস, আয়া ফরিদা বেগম ও শাহনাজ বেগমকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনেরা জানান, হাঁপানি রোগ ও রক্তশূন্যতার কারণে আবদুর রহিমকে ১৩ মে মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কাজী মো. ইলিয়াসের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার অসুস্থ ওই রোগীকে রহস্যজনক কারণে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। পরে তিনি হঠাৎ ওই রাতে আবার অসুস্থ হয়ে পড়েন। তাঁরা দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ অস্বীকার করে কাজী মো. ইলিয়াস বলেন, ‘আবদুর রহিম হাঁপানি ও রক্তশূন্যতায় ভুগছিলেন। তিনি চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান। রাতে তিনি হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত অবস্থায় তারা রোগীকে হাসপাতালে নিয়ে আসে। রোগীর উত্তেজিত ১০-১২ জন আত্মীয় আমাকে মারধর করে। তারা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় হামলা চালায়।’ এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে রোগীকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাড়িতে রোগী মারা গেছে। এতে আমাদের দায়দায়িত্ব নেই।’ রায়পুর থানার এএসআই আবদুর রহিম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।’