চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় ক্লিনিক বন্ধের নির্দেশ
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন। গতকাল সোমবার সকালে জেলা সিভিল সার্জন মা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। একই সঙ্গে আজ মঙ্গলবারের মধ্যে রোগীর মৃত্যুর ঘটনার পুরো প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য, গত রোববার শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে নিহতের স্বজনেরা ক্লিনিক ভাঙচুর করে। এ সময় ক্লিনিক থেকে সব চিকিৎসক, নার্স ও কর্মচারী পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় জেলা সিভিল সার্জন ক্লিনিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন। জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান, রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটি কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।