চিকিৎসকের অবহেলায় শিক্ষকের স্ত্রীর মৃত্যুর অভিযোগ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার পান্ডের সন্তানসম্ভবা স্ত্রী চৈতালী পান্ডের মৃত্যুর জন্য চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী নগরের লক্ষ্মীপুর মোড় এলাকায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রদীপ পান্ডের স্ত্রী চৈতালী পান্ডে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও গাইনি বিভাগের প্রধান হাসিনা আখতারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। গত ২৭ এপ্রিল ভোরে হাসপাতালে তিনি মারা যান। লক্ষ্মীপুর মোড় এলাকায় গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, জামাত খান, জিয়াউল হক প্রমুখ।সমাবেশে বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হাসিনা আখতারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।