চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে গতকাল রোববার চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃতের স্বজনেরা গতকাল ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলা সদরের বাঁশপাড়া গ্রামের আলতাফ হোসেনের একদিন বয়সী শিশুকে গত শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় আল ইনসানিয়াত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি গতকাল সকাল ১০টায় মারা যায়। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বেলা ১১টার দিকে তার স্বজনেরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। তারা একাধিক চিকিৎসককে মারধর ও লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ মজুমদার গতকাল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মৃত নবজাতকের স্বজনেরা হাসপাতালের দুই চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছে এবং লুট করে নিয়ে গেছে বেশ কিছু নগদ টাকা। এ ব্যাপারে তিনি মামলা করবেন।শিশুটির চাচা দিদারুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় শিশুটি মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিতে দেয়নি। এ কারণে নবজাতকের স্বজনেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের লোকজনকে গালমন্দ করে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সঠিক নয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া গতকাল বিকেলে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।