চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার চিকিৎসকদের অবহেলায় মো. নীরব (৭) নামের একটি শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় শিশুটির ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করে৷
এদিকে, হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসকেরা গতকাল এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন৷ এ ছাড়া আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জরুরি বিভাগসহ সব বিভিাগে কর্মবিরিতর ডাক দিয়েছেন তাঁরা৷
শিশুটির স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে নীরবকে পেটে ব্যথার কারণে গত সোমবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়৷ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি ইনজেকশন দেওয়ার পর ১০ মিনিটের মধ্যে তার মৃতু হয়৷ নীরবের স্বজনদের অভিযোগ, ওই ইনজেকশন ছিল মেয়াদোত্তীর্ণ৷ এটি না দেওয়ার জন্য সেবিকাদের অনুরোধ করা হয়েছিল৷ কিন্তু চিকিৎসকদের নির্দেশে সেবিকারা ইনজেকশনটি দেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, নীরবের মৃত্যুর পরপরই তার স্বজনেরা উত্তেজিত হয়ে শিশু ওয়ার্ডের জানালার কাচ ও দরজা ভাঙচুর করে৷ এ সময় হাসপাতালের ফটকের বাইরে একটি ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ ভাঙচুরের প্রতিবাদে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়৷ পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, তিনি ঘটনার সময় হাসপাতালে ছিলেন না৷ আর শিশু বিভাগের প্রধান আনোয়ার হোসেন বলেন, স্বজনদের অভিযোগ মিথ্যা৷ ইনজেকশনটি মেয়াদোত্তীর্ণ ছিল না৷